রমজান মাস উপলক্ষে ১০ হাজার পণ্যের দাম কমানোর ঘোষণা দিয়েছে সংযুক্ত আরব আমিরাতের প্রতিষ্ঠান শারজাহ সমবায় সমিতি।এর সিংহভাগ নিত্যপ্রয়োজনীয় খাদ্যপণ্য।এর মধ্যে ভোজ্যতেল, চাল ও আটার মতো পণ্যের মূল্য ৭৫ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে।সম্প্রতি ওই প্রতিষ্ঠান জানিয়েছে, তারা রমজান উপলক্ষে ৩ কোটি ৫০ লাখ দিরহাম বরাদ্দ করেছে।একই সঙ্গে ১০ হাজার পণ্যের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে। এছাড়া সাপ্তাহিক অফারের অংশ হিসেবে এর বাইরেও আরও পণ্যে ছাড় দেওয়া হবে।২২ ফেব্রুয়ারি থেকে এই ছাড় কার্যকর হবে।দেশটির মন্ত্রণালয়ের ভোক্তা সুরক্ষা বিভাগের পরিচালক ড. হাশিম সাঈদ আল নুয়াইমি বলেছেন, ‘নির্বাচিত’ পণ্যগুলি কমদামে বিক্রি করাসহ বেশিরভাগ পণ্যের ওপর ৫০ থেকে ৭৫ শতাংশ ছাড় থাকবে। রমজান মাসে ৪৫০টি অভিযান পরিচালনা করা হবে বলে জানান তিনি। এসব অভিযান সমবায় সমিতি, আউটলেট, মুদি দোকান এবং আমিরাতজুড়ে মাংস, মুরগি এবং মাছের বাজারগুলিকে মনিটর করবে। শুধু মূল্য ছাড়েই থেমে থাকেনি প্রতিষ্ঠানটি।এর সঙ্গে রমজানের প্রতি সপ্তাহে দুটি সুজুকি ডিজায়ার গাড়ি, প্রতিটি ৫ হাজার দিরহাম মূল্যের ৩০টি আসবাবপত্রের গিফট কার্ড এবং ১ হাজার দিরহাম মূল্যের ৩২টি শপিং গিফট কার্ড ক্রেতাদের দেওয়ার ঘোষণা দেওয়া হয়েছে।এদিকে,আমিরাতের বাণিজ্য মন্ত্রণালয় বলেছে,এবারের রমজান মাসে দুবাইয়ের বাজারে শাকসবজি এবং ফলের দৈনিক আমদানি ২১ হাজার টনে পৌঁছাবে এবং আবুধাবিতে দৈনিক আমদানি ৪ হাজার টন ছাড়িয়ে যাবে।