নাটোরের বড়াইগ্রামে এক নারী তার জামাতার সন্ধান পেতে ১০ হাজার টাকার পুরস্কার ঘোষণা করেছেন। জামাতার নাম সিয়াম হোসেন, বয়স ২৪ বছর। তিনি পাবনার চাটমোহর উপজেলার দোলন গ্রামের কিরন আলীর ছেলে।
শুক্রবার (১৬ মে) জোনাইল বাজারে জনসমক্ষে শাশুড়ি আনোয়ারা এই ঘোষণা দেন। আনোয়ারা জোনাইল বাজারের বাসিন্দা এবং তার মেয়ে সিয়াম হোসেনের স্ত্রী। সম্প্রতি, আনোয়ারা তার মেয়ের পক্ষ থেকে বড়াইগ্রাম থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে আনোয়ারা জানান, চার বছর আগে তার মেয়ের সঙ্গে সিয়াম হোসেনের পারিবারিকভাবে বিয়ে হয় এবং তাদের এক বছর বয়সী একটি কন্যাসন্তান রয়েছে। বিয়ের কিছুদিন পর থেকেই সিয়াম এবং তার স্ত্রী আনোয়ারার বাড়িতে বসবাস করতে শুরু করেন। সিয়াম জোনাইল বাজারের আহসানের জুয়েলারি দোকানে কর্মরত ছিলেন। তবে গত রমজান মাসে তিনি দোকান থেকে ৬০ ভরি রুপা নিয়ে পালিয়ে যান।
এদিকে, শাশুড়ি আনোয়ারা দাবি করেছেন যে, সিয়াম বাজারের একটি মেয়েকেও সঙ্গে নিয়ে গেছে। সিয়ামের মা অভিযোগ করেছেন যে, তার ছেলেকে গুম করা হয়েছে এবং তিনি আনোয়ারা ও জুয়েলারি দোকানের মালিকের বিরুদ্ধে থানায় অভিযোগ দায়ের করেছেন।
সিয়ামের মা বলেন, "আমার ছেলেকে গুম করে এখন নাটক করছেন বেয়াইন (সিয়ামের শাশুড়ি)। দ্রুত আমার ছেলের সন্ধান দিতে হবে।"
বড়াইগ্রাম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারওয়ার হোসেন গণমাধ্যমকে জানান, "লিখিত অভিযোগ পেয়েছি। তদন্ত চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।"