রাজনৈতিক দল হিসেবে জামায়াতে ইসলামীর নিবন্ধন অবৈধ বলে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগ। আপিলকারীর পক্ষে কোনো আইনজীবী না থাকায় আজ প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বাধীন ৬ সদস্যের বেঞ্চ এ আদেশ দেন।
রাজনৈতিক দল হিসেবে জামায়াতকে ইসির দেওয়া নিবন্ধনের বৈধতা চ্যালেঞ্জ করে সৈয়দ রেজাউল হক চাঁদপুরীসহ ২৫ ব্যক্তি ২০০৯ সালে রিট করেন। ২০১৩ সালের ১ আগস্ট বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল ও অবৈধ ঘোষণা করে রায় দেন হাইকোর্ট। ঐ বছরের ২ নভেম্বর পূর্ণাঙ্গ রায় প্রকাশ হওয়ার পর জামায়াতে ইসলামী লিভ টু আপিল করে।
২০১৮ সালের ডিসেম্বরে বাংলাদেশ জামায়াতে ইসলামীর নিবন্ধন বাতিল করে প্রজ্ঞাপন জারি করে নির্বাচন কমিশন ।
হরতালের কারণ দেখিয়ে আইনজীবী আসতে না পারার অপারগতা জানিয়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিলের শুনানির জন্য দলটি ৬ সপ্তাহ সময় চায়। কিন্তু আদালত তা গ্রহণ না করে আপিল খারিজ করে দেন। এর ফলে জামায়াতের নিবন্ধন বাতিলে হাইকোর্টের রায় বহাল রয়েছে।