আগামী ১০ ডিসেম্বর ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। তবে এ ধরনের রাজনৈতিক সমাবেশ করতে নির্বাচন কমিশনের অনুমতি লাগবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। রোববার ইইউ নির্বাচন বিশেষজ্ঞ দলের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা বলেন নির্বাচন কমিশনের অতিরিক্ত সচিব অশোক কুমার দেবনাথ। তিনি বলেন, আওয়ামী লীগের ডাকা ১০ ডিসেম্বরের সমাবেশের বিষয়ে আচরণবিধি অনুযায়ী ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন। এর আগে, গেলো শনিবার ঢাকায় সমাবেশের ঘোষণা দেয় ক্ষমতাসীন দলটি। ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের দপ্তর সম্পাদক রিয়াজ উদ্দিন বলেন, গেলো বছরের ১০ ডিসেম্বর বিএনপি-জামায়াতের হামলায় আহত হয়েছিলেন আওয়ামী লীগের নেতাকর্মীরা । বিএনপি-জামায়াতের নৈরাজ্যের প্রতিবাদে এ দিন বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে সমাবেশ করা হবে। সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরসহ দলটির কেন্দ্রীয় নেতারা। এর আগে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণে দুই মাসের মিশন নিয়ে গত ২৯ নভেম্বর ঢাকায় আসা ইউরোপীয় ইউনিয়নের চার সদস্যের নির্বাচনি বিশেষজ্ঞ দলের সঙ্গে কমিশন বৈঠক করেছে। বেলা ১১টা থেকে শুরু হওয়া বৈঠক চলে প্রায় দুপুর সোয়া ১২টা পর্যন্ত।