নারায়ণগঞ্জে একটি যুবককে ছিনতাইকারী সন্দেহে গাছে ঝুলিয়ে নির্যাতনের একটি ঘটনা ঘটেছে। এই ঘটনার ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে।
বুধবার (১৩ মার্চ) বিকেলে শহরের চাষাঢ়ায় কেন্দ্রীয় শহীদ মিনারে এই ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে। ভিডিওতে দেখা যায়, এক যুবকের দুই হাত বেঁধে গাছের সঙ্গে ঝোলানো অবস্থায় তাকে লাথি ও ঘুষি মারছিলেন উত্তেজিত কয়েকজন যুবক। এসময় সেখানে উপস্থিত অনেকে সেই দৃশ্য মোবাইলে ভিডিও ধারণ করছিলেন।
ঘটনার প্রত্যক্ষদর্শী শহীদ মিনারের পাশের এক চায়ের দোকানি বলেন, "ছিনতাইকারী" বলে এক যুবককে মারতে মারতে শহীদ মিনারে নিয়ে আসা হয়। পরে তাকে গাছে বেঁধে মারধর করা হয়। তিনি জানান, লাঠি ও রড দিয়ে পিটানো হয় এবং মারধরের পর যুবকটিকে ছেড়ে দেওয়া হয়।
এ চা দোকানি আরও জানান, "চোর বা ছিনতাইকারী" আখ্যা দিয়ে শহীদ মিনারে প্রায়ই মারধরের ঘটনা ঘটে। সেখানে কিশোর ও যুবকদের মধ্যে মারামারিও যেন নিত্যদিনের ঘটনা হয়ে দাঁড়িয়েছে।
এ বিষয়ে নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি মোহাম্মদ নাসির আহমদ বলেন, গাছে ঝুলিয়ে নির্যাতনের খবর তারা দেরিতে পেয়েছেন। পুলিশ ঘটনাস্থলে পৌঁছানোর পর ভুক্তভোগী যুবক বা ঘটনার সঙ্গে জড়িতদের কাউকেই খুঁজে পায়নি।
তিনি আরও বলেন, "পুলিশ প্রতিনিয়ত চুরি ও ছিনতাইয়ের সঙ্গে জড়িতদের গ্রেপ্তার করছে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে কাজ করছে।" তিনি উল্লেখ করেন, "যদি কারও বিরুদ্ধে কোনো অভিযোগ থাকে, তবে তাকে আইনশৃঙ্খলা বাহিনীর হাতে সোপর্দ করতে হবে। আইন নিজের হাতে তুলে নেওয়া যাবে না। যিনি আইন নিজের হাতে তুলে নেবেন, তিনিও আইন ভঙ্গকারী হিসেবে চিহ্নিত হবেন।