ইংলিশ প্রিমিয়ার লিগের ম্যাচে রাতে মাঠে নেমেছিল পয়েন্ট টেবিলের শীর্ষে থাকা লিভারপুল। তাদের প্রতিপক্ষ নিউক্যাসল ইউনাইটেড। ওই ম্যাচে ৪-২ ব্যবধানে জয় পেলো ইয়ুর্গেন ক্লপের লিভারপুল।আফ্রিকান কাপ অব নেশনসে খেলতে যাওয়ার আগে ক্লাবের হয়ে শেষ ম্যাচ খেলতে নেমেছিলেন মিসরীয় তারকা মোহাম্মদ সালাহ। ম্যাচের ২২ মিনিটে পেনাল্টি পায় লিভারপুল। তবে সে সুযোগ কাজে লাগাতে পারেননি সালাহ। তার পেনাল্টি মিসে হতাশাও বাড়ে ড্রেসিংরুমে। তবে পরে জোড়া গোল করে দলের বড় জয় নিশ্চিত করেছেন তিনি।৬ গোলের এই ম্যাচে কোনো দলই প্রথমার্ধে গোল করতে পারেনি। বেশকিছু সুযোগ পেয়েও গোল করতে ব্যর্থ হয় লিভারপুল। প্রথমার্ধে ১৮টি শট নেয় ক্লপের শিষ্যরা। যেটি অবিশ্বাস্যও বটে। ২০১৬ সালের এভারটনের বিপক্ষে ম্যাচের পর প্রিমিয়ার লিগের ম্যাচের প্রথমার্ধে এটিই তাদের সবচেয়ে বেশি শট নেয়ার রেকর্ড। এদিন ম্যাচের ৪৯ মিনিটে প্রতিপক্ষের জালে বল পাঠান সালাহ। এর ৫ মিনিট পরেই অবশ্য আইজ্যাকের গোলে সমতায় ফেরে নিউক্যাসল। ম্যাচের ৭৪ ও ৭৮ মিনিটে গোল করে লিভারপুলের ব্যবধান বাড়ায় কার্টিস জোনস ও কোডি গাকপো । এরপর ৮১ মিনিটে সভেন বোটমানের গোলে ম্যাচে ফেরার আশা তৈরি করেছিল নিউক্যাসল। কিন্তু ৮৬ মিনিটে আবারও পেনাল্টি পায় লিভারপুল। এবার স্পটকিক থেকে আর গোল করতে ভুল করেননি সালাহ। গোল করার পাশাপাশি চলতি মৌসুমে ইপিএলে সর্বোচ্চ গোলদাতা আর্লিং হাল্যান্ডের আসনে ভাগ বসালেন লিভারপুল ফরোয়ার্ড।এই জয়ে ২০ ম্যাচে ৪৫ পয়েন্ট নিয়ে শীর্ষেই থাকছে লিভারপুল। সমান ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে অ্যাস্টন ভিলা আর ২০ ম্যাচে ২৯ পয়েন্ট নিয়ে নিউক্যাসলের অবস্থান নবম ।