ঘটনাটি ভারতের। দুইজনের এই সম্পর্ক তরুণীর পরিবার মেনে নেয়নি। তবে তাদের মধ্যে সম্পর্ক ছিল। তারা লুকিয়ে ফোনে কথা বলত। সম্প্রতি ওই তরুণী তার প্রেমিকের কাছে সরস্বতী পূজাতে দেখা করার আবদার করে। প্রেমিকার আবদার মেটাতে বিহার থেকে ওই যুবক হিলি থানায় এলাকায় যায়।
প্রেমিকাকে উপহার কিনে দেওয়ার পাশাপাশি তাকে নিয়ে সরস্বতী পূজায় বিভিন্ন এলাকায় ঘুরেও বেরিয়েছে তারা। সেইসময়ে আসন্ন ভ্যালেন্টাইনস ডের দিনও বিশেষ উপহার দেবার প্রতিশ্রুতি প্রেমিকাকে দিয়ে ফেলে। তবে ততক্ষণে যা টাকা ছিল সব শেষ হয়ে যায় প্রেমিকের।
এরপর ওই যুবক গত কয়েকদিন ধরেই হিলির একটি ট্রাকের শ্রমিকদের সঙ্গে রাতে ঘুমোতেন। সেখানে ওই শ্রমিকদের খাবার খেয়েই দিন কাটাচ্ছিল। কিন্তু ভ্যালেন্টাইন দিনে গিফট দিতে হবে- এজন্য ছাগল চুরি করে সে।
ওই তরুণী বলেন, আমাদের সম্পর্ক বাড়ি থেকে মেনে নেয়নি বলে, ও আমার বাড়িতে ওঠেনি। সে আমাকে খুব ভালোবাসে, আমার জন্য পাগল। ওর কাছে যে পয়সা নেই, অথবা ও যে হোটেলে না থেকে রাস্তায় থাকছিল, তাও আমাকে জানায়নি। বরং ও আমাকে বলেছিল, আমি একটি কাজ পেয়ে গেছি, তাই এখন থেকে আমি হিলিতেই থাকবো। এখানেই ঘর ভাড়া করে থেকে সংসার পাতব।
কিন্তু সে ভ্যালেন্টাইন দিনে গিফট দেওয়ার জন্য ছাগল চুরি করে বিক্রির ঘটনা আমাকে জানায়নি। এখন আমি ওকে পুলিশের কাছ থেকে ছাড়িয়ে নিয়ে টাকা দিয়ে বাড়ি পাঠিয়ে দেবো।
বালুরঘাট থানার আইসি সুমন্ত বিশ্বাস বলেন, এক যুবককে ছাগল চোর সন্দেহে আটক করা হয়েছে।