দেশের জ্বালানি তেলের সরবরাহ স্বাভাবিক ও পরিবহন কার্যক্রম নিরবচ্ছিন্ন রাখতে ভারত থেকে পাইপলাইনের মাধ্যমে ডিজেল আমদানি অব্যাহত রেখেছে সরকার। এই প্রক্রিয়ার অংশ হিসেবে পাইপলাইনের মাধ্যমে ভারত থেকে আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল আসা শুরু হয়েছে।
শনিবার আন্তঃদেশীয় পাইপলাইনের মাধ্যমে ডিজেলের নতুন এই চালানটি দেশে আসা শুরু করে।
এর আগে শুক্রবার একই পাইপলাইনের মাধ্যমে দিনাজপুরের পার্বতীপুর ডিপোতে প্রায় ৫ হাজার মেট্রিক টন ডিজেল এসে পৌঁছায়। সরকারি ছুটির দিন হওয়া সত্ত্বেও জ্বালানি সরবরাহ নিশ্চিত করতে ডিপো কর্তৃপক্ষ কার্যক্রম সচল রাখে।
ভারতের আসামের নুমালিগড় রিফাইনারি থেকে এই ডিজেল পাঠানো হচ্ছে। গত ২৪ মার্চ একই রিফাইনারি থেকে পাঠানো আগের চালানটি বাংলাদেশে পৌঁছাতে প্রায় ৬০ ঘণ্টা সময় লেগেছে।
ডিপো কর্মকর্তাদের তথ্য অনুযায়ী, পাইপলাইনের মাধ্যমে পাঠানো জ্বালানি পৌঁছাতে সাধারণত ৪৮ থেকে ৭২ ঘণ্টা সময় লাগে।
কর্মকর্তারা জানিয়েছেন, আগের ৫ হাজার টনের চালানটি সম্পূর্ণভাবে গ্রহণ করা হয়েছে। নতুন করে ৭ হাজার টনের এই চালানটি আসার ফলে দেশের জ্বালানি তেলের মজুদ আরও শক্তিশালী হবে এবং সরবরাহ ব্যবস্থায় চাপ কমবে।
চলতি বছর পাইপলাইনের মাধ্যমে তিন দফায় ভারত থেকে প্রায় ১৫ হাজার মেট্রিক টন ডিজেল আমদানি করেছে বাংলাদেশ। বিশ্ব জ্বালানি বাজারের অস্থিরতার মধ্যে এই আমদানি সরবরাহ ব্যবস্থাকে আরও সুসংহত করবে বলে মনে করা হচ্ছে।