ন্যূনতম মাসিক মজুরি ৩০ হাজার টাকা নির্ধারণের দাবিতে রাজধানীর মিরপুরে সড়কে নামা পোশাক শ্রমিকদের সঙ্গে পুলিশের ধাওয়া-পাল্টাধাওয়ার ঘটনা ঘটেছে। সোমবার (২ নভেম্বর) সকাল সোয়া ৯টার দিকে মিরপুর-১০ এলাকায় শ্রমিকরা সড়কে অবস্থান নেওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের সরিয়ে দেয়। এ সময় শ্রমিকদের ইটপাটকেল নিক্ষেপের জবাবে পুলিশ টিয়ার গ্যাসের শেল ছোড়ে। একপর্যায়ে শ্রমিকরা ছত্রভঙ্গ হয়ে যান।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, ‘শ্রমিকরা রাস্তা অবরোধ করতে এসেছিল, আমরা তাদের সরিয়ে দিয়েছি।’
এদিকে, আন্দোলনকে কেন্দ্র করে মিরপুর-১০, ১১ ও আশপাশের এলাকা থেকে নাশকতার পরিকল্পনা এবং সংঘর্ষে জড়িত থাকার অভিযোগে ডিবির মিরপুর বিভাগ ১১ জনকে আটক করেছে। এ ছাড়া সহিংসতার পর মিছিল বের করার প্রস্তুতিকালে ঢাকা মহানগর পুলিশের মিরপুর বিভাগ আরও ১৭ জনকে আটক করেছে।
এর আগে রোববার রাজধানীর বিভিন্ন শিল্পাঞ্চলে একই দাবিতে বিক্ষোভ করেন পোশাক শ্রমিকরা। এ সময় সড়ক অবরোধ, অগ্নিসংযোগ ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ টিয়ার গ্যাসের শেল ও সাউন্ড গ্রেনেড ব্যবহার করে।
এর মধ্যে পোশাক শ্রমিকদের নতুন নিম্নতম মজুরি নির্ধারণে ছয় সদস্যের মজুরি বোর্ড গঠন করেছে সরকার। রোববার শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয় এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করে।