রাজবাড়ীর পাংশা মডেল থানা পুলিশের মাদক বিরোধী বিশেষ অভিযানে ১০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ মোঃ ওয়াহিদুজ্জামান ওহিদ (৪৫) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি কালুখালী উপজেলার কালিকাপুর ইউনিয়নের সাতটা গ্রামের মৃত আবুল কাশেম শেখের পুত্র।
অভিযানটি সোমবার (২ জুন) রাত পৌনে ১০ টার সময় পাংশা পৌর এলাকার সত্যজিৎপুর মধ্যপাড়া জামে মসজিদের সামনে পাকা রাস্তার উপর পরিচালিত হয়। পুলিশ বিশেষ অভিযান চালিয়ে ওয়াহিদুজ্জামানকে গ্রেপ্তার করে এবং তার কাছ থেকে ১০০ পিস নিষিদ্ধ ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করে।
থানা সূত্রে জানা যায়, রাজবাড়ী পুলিশ সুপার মোঃ কামরুল ইসলামের নির্দেশনায় এবং পাংশা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিনের তত্ত্বাবধানে এসআই মোঃ শাহ আলম সোহাগ সঙ্গীয় ফোর্সসহ অভিযানে অংশ নেন। গ্রেপ্তারকৃত আসামীর বিরুদ্ধে পাংশা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। উল্লেখ্য, ওয়াহিদুজ্জামানের বিরুদ্ধে কালুখালী থানায় একাধিক মামলা রয়েছে।
পাংশা থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ সালাউদ্দিন বলেন, "মাদক নির্মূলে আমাদের এই অভিযান অব্যাহত থাকবে। জেলায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতিতে কাজ করছে রাজবাড়ী জেলা পুলিশ।" মঙ্গলবার তাকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।