বর্তমানে পাঁচজন ব্রিটিশ মুসলিমের একটি অভূতপূর্ব ও দুঃসাহসিক অভিযান সবার দৃষ্টি আকর্ষণ করছে। তারা যুক্তরাজ্য থেকে প্রায় সাড়ে সাত হাজার কিলোমিটার দীর্ঘ সমুদ্রপথ পাড়ি দিয়ে হজ পালন করতে যাচ্ছেন।
এই দলটি ১৯৭৮ সালের একটি পুরোনো নৌকায় চড়ে যাত্রা শুরু করেছে। ইতোমধ্যে তারা সৌদি আরবের সীমানায় পৌঁছানোর কাছাকাছি রয়েছে এবং আশা করা হচ্ছে, তারা যথাসময়ে মক্কায় পৌঁছে এবারের হজে অংশ নিতে পারবেন।
এই ব্যতিক্রমধর্মী হজযাত্রীদের মধ্যে রয়েছেন আব্দুল ওয়াহিদ, তাওসিফ আহমদ, জোডি ম্যাকইনটায়ার, ডব্বির উদ্দিন ও তাহের আখতার। তারা চলতি বছরের ১ এপ্রিল ইংলিশ চ্যানেল থেকে যাত্রা শুরু করেন। এরপর ইউরোপ এবং উত্তর আফ্রিকার জলপথ পাড়ি দিয়ে বর্তমানে লোহিত সাগরের পথে রয়েছেন। তাদের যাত্রাপথে মার্সেই, কর্সিকা, সারডিনিয়া, সিসিলি দ্বীপ ও সুয়েজ খাল অন্তর্ভুক্ত রয়েছে।
দলের অন্যতম সদস্য আব্দুল ওয়াহিদ জানান, "প্রাচীন যুগের হজযাত্রীদের থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা এই যাত্রার পরিকল্পনা করেছি। এই পথচলায় নানা ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছি, যা আমাদের অভিজ্ঞতাকে আরও সমৃদ্ধ করেছে।"
সমুদ্রপথের এই হজযাত্রার সঙ্গে তারা একটি চ্যারিটি মিশনও যুক্ত করেছেন। এর আওতায় ফিলিস্তিন, লেবানন, পাকিস্তান, উগান্ডা ও সিরিয়ার শরণার্থী এবং এতিম শিশুদের জন্য অর্থ সংগ্রহ করেছেন তারা।
দলটি ১৯৭৮ সালের একটি পুরোনো নৌকায় চড়ে যাত্রা করেছে। পথিমধ্যে খালের ব্লকেজ, নৌকার ফুটো হয়ে ডুবে যাওয়ার সম্ভাবনাসহ নানা বিপদের সম্মুখীন হয়েছেন তারা। তবে এসব প্রতিকূলতা তাদের যাত্রা থেকে বিরত রাখতে পারেনি।
ওয়াহিদ বলেন, "আমাদের কেউই এর আগে কখনো নৌকা চালাইনি। যাত্রার আগে ছয় মাসের প্রস্তুতির অংশ হিসেবে নৌচালনার প্রশিক্ষণ নিই এবং এক সপ্তাহ সাগরে থেকে চর্চা করি। আলহামদুলিল্লাহ, এখন আমরা স্বপ্নের খুব কাছাকাছি।
আগামী ৪ জুন থেকে শুরু হচ্ছে হজের আনুষ্ঠানিক কার্যক্রম। তার আগেই তারা মক্কা পৌঁছাতে পারবেন বলে আশা করা হচ্ছে।