কওয়াকু বোনসাম এখন আরও বিখ্যাত। ইংল্যান্ড ও ঘানার ম্যাচে কালো জাদু করে আলোচনায় আসেন তিনি। সেদিন ঘানাকে জেতাতে ম্যাচ চলাকালে গ্যালারিতে সাদা পাউডার ছিটাতে দেখা যায়। ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ ড্র হওয়ার পর বোনসামের ‘কালো জাদু’র প্রভাব নিয়ে খবর প্রকাশিত হয়েছিল। কেন সেদিন ভালো খেলতে পারেননি।
বোনসাম জানিয়েছিলেন, কেনের ওপর কালো জাদু করেছেন। সেই কারণে গোল পায়নি ইংলিশ স্ট্রাইকার। এরপর তিনি এটাও ভবিষ্যদ্বাণী করেন, পানামার বিপক্ষে ইংল্যান্ডের পরের ম্যাচে গোলের দেখা পাবেন কেন!
পানামার বিপক্ষে ঠিকই গোল করেছেন ইংলিশ তারকা। এবার বোনসাম আর্জেন্টিনার জন্য দুঃসংবাদ দিয়েছেন। এক সাক্ষাৎকারে বলেছেন, ‘কেপ ভার্দে আর্জেন্টিনাকে বিদায় করবে।’
আর্জেন্টাইন সমর্থকদের মনে এখন প্রশ্ন বোনসাম কোনো কালো জাদু করবেন কি না? আগামী ৪ জুলাই মিয়ামি স্টেডিয়ামে বাংলাদেশ সময় ভোর ৪টায় কেপ ভার্দের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এরই মধ্যে কেপ ভার্দে তাদের রক্ষণভাগ ও গোলকিপিং দিয়ে চমক দেখিয়েছে।
স্পেন ও সৌদি আরবকে গোলশূন্য ড্রয়ে রুখে দিয়েছে, মাঝে উরুগুয়ের সঙ্গে ২-২ গোলে ড্র করে তারা। তিন ম্যাচে ৩ পয়েন্ট নিয়ে শেষ ৩২-এ উঠে চমক দেখিয়েছে কেপ ভার্দে।
এদিকে হ্যারি কেনকে কালো জাদু করা বোনসাম বলেছিলেন, ‘আমি পুরো বিশ্বের সবচেয়ে শক্তিশালী আধ্যাত্মিক ব্যক্তি। এখন আমি হ্যারি কেনের ওপর থেকে অভিশাপ তুলে নিচ্ছি, যাতে সে পরের ম্যাচে গোল করতে পারে।’
ঘানার বিপক্ষে ম্যাচে কেন হ্যারি কেনের ওপর জাদু করেছিলেন, সেটার ব্যাখ্যায় বোনসাম বলেছেন, ‘হ্যারি কেন আমার শত্রু নয়। আমি ওর বড় কোনো ক্ষতি করিনি। আমি শুধু আমার নিজ দেশের (ঘানা) উপকার করতে চেয়েছি।’
হ্যারি কেনের প্রতি মুগ্ধতার কথা জানিয়ে ঘানার তান্ত্রিক আরও বলেছেন, ‘হ্যারি, আমি একদিন তোমার সঙ্গে দেখা করতে আসব। কিছু মনে করো না। আমরা বন্ধু।’