প্রচ্ছদ বিশ্ব হুতিদের হামলার শঙ্কা, মার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

হুতিদের হামলার শঙ্কা, মার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

দ্বারা মোঃ সুমন হোসেন
0 কমেন্ট 2 মিনিট পড়ুন
হুতিদের হামলার শঙ্কা, মার্কিন কর্মীদের সৌদি আরব ছাড়ার নির্দেশ যুক্তরাষ্ট্রের

ইরান-সমর্থিত হুতি বিদ্রোহীদের সৌদি আরবে হামলা বেড়ে যাওয়ায় দেশটি থেকে জরুরি দায়িত্বে নিয়োজিত নন—এমন সরকারি কর্মী ও তাদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দিয়েছে যুক্তরাষ্ট্র। সৌদি আরবের বেসামরিক বিমানবন্দর ও গুরুত্বপূর্ণ অবকাঠামোয় সাম্প্রতিক হামলার পর নিরাপত্তা নিয়ে উদ্বেগের মধ্যে এ সিদ্ধান্ত নিয়েছে ওয়াশিংটন।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগট সামাজিক যোগাযোগমাধ্যমে দেয়া এক পোস্টে এসব কথা জানান। সৌদির পাশাপাশি উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলো থেকেও মার্কিন কর্মীদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়া হতে পারে বলে জানিয়েছেন দেশটির কর্মকর্তারা।

স্থানীয় সময় বুধবার (২১ অক্টোবর) দেয়া ওই পোস্টে টমি পিগট বলেন, ‘ইরান-সমর্থিত হুতিরা সৌদি আরবের বিরুদ্ধে ক্রমবর্ধমানভাবে শত্রুতামূলক কর্মকাণ্ড চালাচ্ছে। এর মধ্যে বেসামরিক বিমানবন্দর ও অন্যান্য গুরুত্বপূর্ণ অবকাঠামোয় হামলাও রয়েছে। এসব হামলায় বেসামরিক মানুষ হতাহত হয়েছেন এবং যাতায়াতব্যবস্থায় বড় ধরনের বিঘ্ন ঘটেছে।’

 তিনি আরও বলেন, ‘(মার্কিন) পররাষ্ট্র দপ্তরের কর্মী ও তাদের পরিবারের সদস্যদের নিরাপত্তা আমাদের সর্বোচ্চ অগ্রাধিকার। তাদের সুরক্ষা ও সহায়তা নিশ্চিত করতে প্রয়োজনীয় সব পদক্ষেপ আমরা অব্যাহত রাখব।’

 অবশ্য উপসাগরীয় অঞ্চলের বিভিন্ন দেশে অবস্থিত মার্কিন দূতাবাস থেকে কিছু কর্মী ও তাদের পরিবারের সদস্যদের সরিয়ে নেয়ার পরিকল্পনা নিয়ে আগে প্রকাশিত একটি সংবাদ প্রতিবেদনকে ‘ভুল’ বলে উল্লেখ করেন পিগট।

বার্তাসংস্থা রয়টার্সকে যুক্তরাষ্ট্রের চার কর্মকর্তা জানিয়েছেন, উপসাগরীয় অঞ্চলের অন্য দেশগুলোতে অবস্থিত মার্কিন মিশনগুলো থেকেও কর্মীদের পরিবারের সদস্যদের চলে যাওয়ার নির্দেশ দেয়া হতে পারে।

গত ফেব্রুয়ারির শেষ দিকে ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যুদ্ধ শুরুর পর তেহরান মার্কিন স্থাপনায় হামলা চালালে ওই অঞ্চলের বিভিন্ন স্থান থেকে অনেক কূটনীতিককে সরিয়ে নেয়া হয়েছিল। সাম্প্রতিক মাসগুলোতে তাদের কয়েকজনকে আবার ওই অঞ্চলে ফিরিয়ে নেয়া হয়।

এদিকে সৌদি থেকে মার্কিন কর্মীদের সর্বশেষ এই প্রত্যাহারের সিদ্ধান্তের পেছনে রয়েছে ইয়েমেনে চলমান সংঘাতের তীব্রতা বৃদ্ধি। এর ফলে ইরান যুদ্ধের মাধ্যমে শুরু হওয়া আঞ্চলিক সংঘাতে নতুন আরেকটি রণক্ষেত্র যুক্ত হয়েছে। এই সংঘাত বিশ্বজুড়ে জ্বালানি বাণিজ্যে বিঘ্ন সৃষ্টি করেছে এবং উপসাগরীয় দেশগুলোর অর্থনীতিতে নেতিবাচক প্রভাব ফেলেছে।

এছাড়া সাম্প্রতিক প্রাণঘাতী হামলার পর সৌদি আরবে হুতিদের আরও হামলার আশঙ্কায় বুধবার রিয়াদে অবস্থিত মার্কিন দূতাবাস নিরাপত্তা সতর্কতা জারি করে। সাম্প্রতিক সময়ে সৌদিতে যেসব অবকাঠামোয় একের পর এক হামলা হয়েছে, সেগুলোর মধ্যে রিয়াদের বিমানবন্দরও রয়েছে।

এর আগে চলতি বছরের মার্চের শুরুর দিকে ওই দূতাবাস ও সেখানে অবস্থিত মার্কিন কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার (সিআইএ) একটি কার্যালয়েও ড্রোন হামলা হয়েছিল। সে সময় যুক্তরাষ্ট্র-ইসরায়েলের হামলার জবাবে পুরো উপসাগরীয় অঞ্চলজুড়ে ব্যাপক পাল্টা হামলা চালিয়েছিল ইরান।

You may also like

মতামত দিন

ঠিকানা

marbanglasongbad logo

আমার বাংলা সংবাদ মিডিয়া এন্ড কমিউনিকেশন পক্ষে প্রকাশক কর্তৃক প্রকাশিত।

প্রকাশক ও সম্পাদক : হাসান মাহমুদ,
বিভাগীয় প্রধান ( অনলাইন): সাইফ উদ্দিন

জনপ্রিয় সংবাদ

নিউজলেটার