১০ লিটার তেলে আধা লিটার পর্যন্ত চুরি! ছয় দিনের অভিযানে ১৫ লাখ টাকা জরিমানা, বন্ধ ৯টি ইউনিট

মোঃ সুমন হোসেন
0 মন্তব্য 3 মিনিট পড়ার সময় পড়ুন
১০ লিটার তেলে আধা লিটার পর্যন্ত চুরি! ছয় দিনের অভিযানে ১৫ লাখ টাকা জরিমানা, বন্ধ ৯টি ইউনিট

দেশের বিভিন্ন ফিলিং স্টেশনে জ্বালানি তেল বিক্রিতে ভয়াবহ কারচুপির প্রমাণ পেয়েছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। প্রতি ১০ লিটার তেল বিক্রিতে কোথাও ৫৩০ মিলিলিটার পর্যন্ত কম দেওয়া হচ্ছে।

অর্থাৎ গ্রাহককে ১০ লিটার তেলের দাম দিয়েও আধা লিটারের বেশি তেল থেকে বঞ্চিত করা হচ্ছে। গত কয়েক মাসে রাজধানীর বিভিন্ন ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে এমন অনিয়মের প্রমাণ পেয়েছে সংস্থাটি। এসব ঘটনায় ছয়টি অভিযানে মোট ১৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে এবং একাধিক ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়েছে।

সর্বশেষ মঙ্গলবার রাজধানীর কাফরুলের মেসার্স সোবহান ফিলিং অ্যান্ড সার্ভিসিং স্টেশনে অভিযান চালিয়ে ব্যাপক কারচুপির প্রমাণ পায় বিএসটিআই। প্রতিষ্ঠানটির অকটেন ও ডিজেল সরবরাহের পাঁচটি নজল পরীক্ষা করে প্রতি ১০ লিটারে ২২০ থেকে সর্বোচ্চ ৫৩০ মিলিলিটার পর্যন্ত তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা এবং সংশ্লিষ্ট তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়।

বিএসটিআই সূত্র জানায়, বেগম রোকেয়া সরণির পশ্চিম কাফরুলে অবস্থিত প্রতিষ্ঠানটির দুটি অকটেন ডিসপেন্সিং ইউনিটের তিনটি নজল পরীক্ষা করা হয়। এতে প্রতি ১০ লিটারে যথাক্রমে ৪৫০, ৪৪০ ও ২২০ মিলিলিটার অকটেন কম পাওয়া যায়। এ ছাড়া একটি ডিজেল ডিসপেন্সিং ইউনিটের দুটি নজল পরীক্ষা করে যথাক্রমে ২৫০ ও ৫৩০ মিলিলিটার ডিজেল কম দেওয়ার প্রমাণ মেলে।

‘ওজন ও পরিমাপ মানদণ্ড আইন, ২০১৮’ অনুযায়ী প্রতিষ্ঠানটিকে পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়। পাশাপাশি অনিয়মের সঙ্গে সংশ্লিষ্ট তিনটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করে দেওয়া হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট লুৎফুন্নেসা খানমের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সহায়তা করে। ভ্রাম্যমাণ আদালতে প্রসিকিউটরের দায়িত্ব পালন করেন বিএসটিআইয়ের ফিল্ড অফিসার (সিএম) মো. আব্দুল কাদের এবং মেট্রোলজি বিভাগের পরীক্ষক আহসান হাবীব খান।

এর আগে গত ২ নভেম্বর মতিঝিল এলাকায় মেসার্স পূবালী ফিলিং স্টেশনে অভিযান চালায় বিএসটিআই। আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সহযোগিতায় পরিচালিত এ অভিযানে প্রতিষ্ঠানটির পাঁচটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করে একটি পেট্রোল ইউনিটে প্রতি ১০ লিটারে ৪৬০ মিলিলিটার এবং একটি ডিজেল ইউনিটে ১০০ মিলিলিটার তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। এ সময় পরিদর্শনকাজে বাধা দেওয়ার অভিযোগও ওঠে। পরে প্রতিষ্ঠানটিকে চার লাখ টাকা জরিমানা এবং দুটি ডিসপেন্সিং ইউনিট বন্ধ করা হয়।

গত ৩১ আগস্ট তেজগাঁও শিল্প এলাকায় মেসার্স শিকদার ফিলিং অ্যান্ড সার্ভিস স্টেশনে অভিযান চালিয়ে ছয়টি অকটেন ও ডিজেল ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করা হয়। এর মধ্যে দুটি অকটেন ইউনিটে প্রতি ১০ লিটারে যথাক্রমে ২৫০ ও ২১০ মিলিলিটার তেল কম পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে দুই লাখ টাকা জরিমানা করা হয় এবং ইউনিটগুলোর পরিমাপ সংশোধনের নির্দেশ দেওয়া হয়।

গত ১১ আগস্ট মগবাজারের মঈন মটরসে অভিযান চালিয়ে তিনটি ডিসপেন্সিং ইউনিটের মধ্যে একটি ডিজেল ইউনিটে প্রতি ১০ লিটারে ২০০ মিলিলিটারের বেশি তেল কম দেওয়ার প্রমাণ পাওয়া যায়। প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করে পরিমাপ সঠিক করার নির্দেশ দেওয়া হয়।

এ ছাড়া গত ৩০ জুলাই খিলক্ষেতের নিকুঞ্জ মডেল সার্ভিস সেন্টার অ্যান্ড সিএনজি ফিলিং স্টেশনে অভিযান চালিয়ে ১৩টি ডিসপেন্সিং ইউনিটের মধ্যে তিনটি অকটেন ইউনিটে প্রতি ১০ লিটারে ৩০০ মিলিলিটারের বেশি তেল কম পাওয়া যায়। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে তিন লাখ টাকা জরিমানা এবং সংশ্লিষ্ট তিনটি ইউনিট বন্ধ করে দেওয়া হয়।

এর আগে ২৭ জুলাই শেরেবাংলা নগরের আসাদগেটে তালুকদার ফিলিং স্টেশন অ্যান্ড সার্ভিসিং সেন্টারে অভিযান চালিয়ে পাঁচটি ডিসপেন্সিং ইউনিট পরীক্ষা করা হয়।এর মধ্যে একটি অকটেন ইউনিটে প্রতি ১০ লিটারে ৫০ মিলিলিটারের বেশি তেল কম দেওয়ার প্রমাণ মেলে। এ ঘটনায় প্রতিষ্ঠানটিকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্য ইউনিটগুলোর পরিমাপ সঠিক পাওয়ায় সেগুলো নিয়ে সন্তোষ প্রকাশ করে বিএসটিআই।

বিএসটিআই জানিয়েছে, জ্বালানি তেল বিক্রিতে পরিমাপের কারচুপি ও ভোক্তা স্বার্থবিরোধী কর্মকাণ্ড প্রতিরোধে রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

আরও পড়ুন

মন্তব্য করুন