দক্ষিণ আফ্রিকার মাটিতে কখনও তাদের হারাতে পারেনি বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে এবার ইতিহাস পাল্টাতে প্রতিজ্ঞাবদ্ধ ছিল টাইগ্রেসরা। দলীয় কোচ, অধিনায়ক ও ক্রিকেটারদের ছিল দৃঢ় প্রত্যয়। শেষ পর্যন্ত প্রোটিয়াদের হারিয়েই দিলো তারা।তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে ১৩ রানে হারালো বাংলাদেশ। এর ফলে স্বাগতিকদের মাটিতে প্রথম জয় তুলে নিয়ে ইতিহাস গড়ল তারা। সেই সঙ্গে ১-০ ব্যবধানে সিরিজে এগিয়ে গেলো টাইগ্রেসরা।এ ছাড়া নিগার সুলতানা জ্যোতি ও মুর্শিদা খাতুনের দারুণ ব্যাটিংয়ে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের রেকর্ড গড়ল বাংলাদেশ। দুজনের ঝোড়ো ব্যাটিংয়ে প্রথম ইনিংসে ১৪৯ রানের ম্যাচ জয়ের ভিত পেয়ে যায় টাইগ্রেসরা ।বাকি দায়িত্ব ছিল বোলারদের ওপর। সেখানে স্বর্ণা আক্তারের ৫ উইকেট শিকারে প্রোটিয়া মেয়েদের ইনিংস থেমেছে ১৩৬ রানে। ফলে ১৩ রানের জয়ে প্রথমবারের মতো দক্ষিণ আফ্রিকার মাটিতে তাদের হারিয়ে ইতিহাস রচনা করল বাঘিনীরা। এর আগে, ১৫০ রানের লক্ষ্য তাড়া করতে নেমে টাইগ্রেস বোলার স্বর্ণা আক্তারের স্পিন জাদুতে ৮ উইকেট হারিয়ে ১৩৬ রানে থামে দক্ষিন আফ্রিকার ইনিংস। স্বাগতিকদের হয়ে সর্বোচ্চ ৬৭ রান করেন ওপেনার অ্যানেকে বোস ।এর আগে, ব্যাট করতে নেমে ওপেনার মুর্শিদার ৬২ এবং জ্যোতির ২১ বলে ৩৪ রানের দুর্দান্ত এক ক্যামিও ইনিংসে নির্ধারিত ২০ ওভারে ২ উইকেট হারিয়ে ১৪৯ রানের বড় পুঁজি পায় বাংলাদেশ। ম্যাচ সেরা নির্বাচিত হন স্বর্ণা আক্তার।