মাঠের ভেতরে ও বাইরে কঠিন এক সময়ের মধ্য দিয়ে যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগের সবচেয়ে সফল দল ম্যানচেস্টার ইউনাইটেড। চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার দ্বারপ্রান্তে থাকা রেড ডেভিলদের প্রিমিয়ার লিগেও অবস্থা ভালো নয়। তবে এত শোচনীয় অবস্থায় থাকার পরও চেলসিকে পাত্তাই দিল না ব্রনো ফার্নান্দেজ-লুক শ’রা। বুধবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে চেলসিকে ২-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ইউনাইটের পক্ষে স্বট ম্যাকটমিনে ২টি এবং চেলসির পক্ষে কোল পালমার একটি গোল করেন।ম্যাচের স্কোর লাইন দেখে হাড্ডাহাড্ডি লড়াইয়ের কথা মনে হলেও পুরো ম্যাচ জুড়ে আধিপত্য বজায় রাখে এরিক টেন হাগের শিষ্যরা। পুরো ম্যাচে মোট ২৮ বার গোলে শট নিয়েছে রেড ডেভিলরা, যেখানে প্রতিপক্ষ চেলসি জালের জন্য শট নিয়েছে ১৩ বার।নামের বিচারে রাতের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচ ছিলো ম্যানইউ ও চেলসির মহারণ। ওল্ড ট্রাফোর্ডে পুরো ম্যাচেই দাপুটে ছিলো স্বাগতিক ম্যানইউ। শুরুতেই পেনাল্টি পায় টেন হাগের দল। কিন্তু ৯ মিনিটে ব্রুনো ফার্নান্দেজের শট রুখে দিয়ে চেলসিকে বাঁচিয়ে দেন গোলরক্ষক রবার্ট সানচেজ। তবে দারুণ ফর্মে থাকা স্কটিশ মিডফিল্ডার ম্যাকটমিনে ঠিকই ১৯ মিনিটে লিড এনে দেয় দলকে।এরপর ম্যাচের ৪৫ মিনিটে কোল পালমারের নিখুঁত ফিনিশিংয়ে সমতা আনে চেলসি। কিন্তু আবারো ম্যানইউর ত্রাতা হন ম্যাকটমিনে। ৬৯ মিনিটে তার গোলে দলের ২-১ গোলের জয় নিশ্চিত হয়।এদিকে, ১৫ ম্যাচে ৯ জয়ে ২৭ পয়েন্ট নিয়ে এক ধাপ এগিয়ে ছয় নম্বরে উঠেছে ইউনাইটেড। সমান ম্যাচে ষষ্ঠ হারের স্বাদ পাওয়া চেলসি ১৯ পয়েন্ট নিয়ে দশে আছে।