কোন ধরনের আন্তর্জাতিক চাপ হামাসের বিরুদ্ধে যুদ্ধ চালিয়ে যাওয়া থেকে ইসরায়েলকে থামাতে পারবে না বলে মন্তব্য করছেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। এক প্রতিবেদনে আন্তর্জাতিক গণমাধ্যম এ তথ্য জানায়।প্রতিবেদনে বলা হয়, দক্ষিণ ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে সৈন্যদের সাথে কথা বলার সময় নেতানিয়াহু বলেন, হামাসকে নির্মূল না করা পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাবে ইসরায়েল।তিনি আরও বলেন, যুদ্ধের ময়দানে কর্মরত কমান্ডারদের শেষ পর্যন্ত যুদ্ধ চালিয়ে যাওয়ার নির্দেশ দেয়া হয়েছে। হামাসের বিরুদ্ধে বিজয়ই ইসরায়েলের একমাত্র লক্ষ্য। এদিকে, ইসরায়েলের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, আন্তর্জাতিক সমর্থন থাকুক কিংবা না থাকুক তারা গাজায় যুদ্ধ চালিয়ে যাবেন।এ মুহূর্তে গাজায় যুদ্ধ বিরতি হলে সেটি হামাসের হাতে একটি ‘উপহার তুলে দেবার মতো হবে এবং তারা আবারো সংগঠিত হওয়ার সুযোগ পাবে। ইসরায়েলের সেনাবাহিনীর হামলায় গাজায় বিপুল সংখ্যক বেসামরিক নাগরিক নিহত এবং চরম মানবিক সংকট তৈরি হবার কারণে ইসরায়েল ব্যাপক চাপের মুখে রয়েছে।গাজায় যুদ্ধ বিরতির আহবান জানিয়ে সম্প্রতি জাতিসংঘ সাধারণ পরিষদে বিপুল সংখ্যাগরিষ্ঠতার ভিত্তিতে প্রস্তাব পাস হয়েছে।একই সাথে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেনও বলেছেন যে, গাজায় নির্বিচারে বোমা হামালার কারণে ইসরায়েল আন্তর্জাতিক সমর্থন হারাচ্ছে।গাজায় চলমান ইসরায়েলের হামলা নিয়ে জাতিসংঘের সাথে দেশটির সম্পর্ক সর্বকালের সবচেয়ে তলানিতে এসে ঠেকেছে।উল্লেখ্য, ইসরায়েলি বাহিনীর নৃশংসতায় মৃত্যু উপত্যকা গাজা। দুই মাসের বেশি সময় ধরে চলমান আগ্রাসনে এখন পর্যন্ত প্রাণ হারিয়েছে ১৮ হাজার ৬০৮ জন ফিলিস্তিনি। এছাড়াও চলমান যুদ্ধে ইসরায়েলি বাহিনীর হামলায় আহত ৫০ হাজার ৫৯৪ জন। হতাহতদের বেশিরভাগই নারী ও শিশু।