প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন জানিয়েছেন, তিনি অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে জাতীয় নির্বাচনের প্রস্তুতি নিয়ে আলোচনা করেছেন, তবে ভোটের নির্দিষ্ট দিনক্ষণ সম্পর্কে কোনো আলাপ হয়নি। তিনি উল্লেখ করেন, ‘জোর করে চেয়ারে বসে যাইনি। কাজ করতেই বসা।
মঙ্গলবার (০১ জুলাই) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন কমিশন কার্যালয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাবে সিইসি বলেন, প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎটি ছিল মূলত সৌজন্য সাক্ষাৎ। তিনি আরও জানান, সরকার এবং কমিশন উভয়ই নিরপেক্ষ নির্বাচনের প্রতি আন্তরিক। প্রধান উপদেষ্টা জানতে চেয়েছেন, কমিশনের সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের প্রস্তুতি কেমন। সিইসি জানান, ‘কমিশনের পক্ষ থেকে বলা হয়েছে ফুল গিয়ারে গাড়ি চলছে।’ তবে নির্বাচনের দিনক্ষণ নিয়ে আলোচনা হয়নি।
সিইসি সাংবাদিকদের উদ্দেশ্যে বলেন, ‘সরকার অনেক আন্তরিক নিরপেক্ষ নির্বাচনের বেলায়, সময় আসলেই কমিশন থেকে দিনক্ষণ জানতে পারবেন নির্বাচনের বিষয়ে। ধৈর্য হারালে হবে না।’ তিনি আরও স্পষ্ট করেন যে, প্রধান উপদেষ্টা স্থানীয় সরকার নির্বাচনের বিষয়ে কথা বলেননি, বরং জাতীয় নির্বাচনের প্রস্তুতিতেই ইসি কাজ করছে।
নিয়ম অনুযায়ী, নির্বাচনের দুই মাস আগে তফসিল ঘোষণা করা হবে এবং কমিশন সকল কাজ গুছিয়ে রেখেছে যাতে সময়মতো ভোটের কার্যক্রম সম্পন্ন করা যায়। সাবেক দুই সিইসিকে গ্রেফতারের বিষয়ে সিইসি মন্তব্য করতে চাননি, কারণ এটি বিচারাধীন বিষয়। উল্লেখ্য, ২৬ জুন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূসের সঙ্গে সিইসি এ এম এম নাসির উদ্দীনের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। এ বৈঠকে কী আলোচনা হয়েছে, সে সম্পর্কে বিস্তারিত জানা যায়নি। তবে নির্বাচন নিয়ে আলোচনা হয়েছে বলেই ধারণা করা হচ্ছে।
এদিকে, ১৩ জুন লন্ডনে প্রধান উপদেষ্টার সঙ্গে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক অনুষ্ঠিত হয়, যেখানে একটি যৌথ বিবৃতি প্রদান করা হয়।