লক্ষ্মীপুরের রামগতি উপজেলায় অবস্থিত মৎস্য অবতরণ কেন্দ্রের নিকটবর্তী ভুলুয়া নদীর ভাঙনের কারণে ঐতিহ্যবাহী ব্রিজঘাট বাজার বিলীন হওয়ার পথে রয়েছে। বিশেষ করে বয়ারচর ব্রিজের দুই পাশের মাটি সরে যাওয়ার ফলে রামগতি-নোয়াখালী সড়কটি বিচ্ছিন্ন হয়ে যাওয়ার আশঙ্কা দেখা দিয়েছে। স্থানীয় বাসিন্দা ও ব্যবসায়ীরা দ্রুত ভাঙনরোধে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি জানিয়েছেন।
সরেজমিনে পরিদর্শনকালে দেখা যায়, বয়ারচর ব্রিজের দুই পাশে রাস্তার কিছু অংশ তলিয়ে গিয়ে বিশাল গর্ত সৃষ্টি হয়েছে। স্থানীয়দের মতে, নদীর ভাটার সময় পূর্ব পাশের চর দৃশ্যমান হওয়ায় নদী তার গতিপথ পরিবর্তন করেছে। এর ফলে ব্রিজের দক্ষিণ পাশে বাজারের অংশে ভাঙন অব্যাহত রয়েছে। যে কোন সময় বাজারসহ সড়কটি ব্রিজ থেকে বিচ্ছিন্ন হয়ে যেতে পারে, যা স্থানীয় ব্যবসায়ীদের জন্য বড় ধরনের ক্ষতির কারণ হবে।
স্থানীয়রা জানান, নদীর গতিপথ পরিবর্তনের কারণে বাড়িঘর এবং কবরস্থানও ভেঙে পড়ছে। প্রায় ৫ শতাধিক কবর বিলীন হয়ে গেছে। সড়কটি প্রতিদিন অন্তত ১০ হাজার মানুষের যাতায়াতের জন্য ব্যবহৃত হয়। সড়কটি বিলীন হলে প্রায় ৩০ হাজার বাসিন্দা চরম দুর্ভোগে পড়বে। শিক্ষার্থীদের শিক্ষা প্রতিষ্ঠানে যাওয়া বন্ধ হয়ে যাবে এবং মৎস্য ব্যবসায়ীদের কার্যক্রমও বাধাগ্রস্ত হবে।
এদিকে, রামগতি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দ আমজাদ হোসেন জানিয়েছেন, ডুবোচরের কারণে নদীর গতিপথ পরিবর্তিত হয়েছে। তিনি উল্লেখ করেছেন যে, ডুবোচরটি অপসারণ করা গেলে নদীর গতিপথ স্বাভাবিক হবে এবং বাজার ও সড়কটি রক্ষা পাবে। তবে ভাঙনরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট বিভাগের প্রতি আহ্বান জানানো হবে।