বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমীর ডা. শফিকুর রহমানের হৃদযন্ত্রে তিনটি গুরুত্বপূর্ণ ব্লক ধরা পড়েছে। সম্প্রতি রাজধানীর একটি হাসপাতালে চিকিৎসকদের দ্বারা পরিচালিত এনজিওগ্রামের ফলাফল অনুযায়ী, তার হৃদপিণ্ডে তিনটি মেজর ব্লক শনাক্ত করা হয়েছে। চিকিৎসকরা এনজিওপ্লাস্টির পরিবর্তে বাইপাস সার্জারির পরামর্শ দিয়েছেন।
জানা গেছে, ডা. শফিকুর রহমান সোহরাওয়ার্দী উদ্যানে দলের জাতীয় সমাবেশে বক্তৃতার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। এরপর থেকে তার স্বাস্থ্য পরীক্ষা চলছিল। এনজিওগ্রামের ফলাফলের ভিত্তিতে চিকিৎসকেরা জরুরি ভিত্তিতে বাইপাস সার্জারির প্রয়োজনীয়তা তুলে ধরেছেন।
ডা. শফিকুর রহমানের ব্যক্তিগত সহকারী মোহাম্মদ নজরুল ইসলাম জানিয়েছেন, প্রাথমিকভাবে তাকে বিদেশে নেওয়ার পরিকল্পনা করা হলেও, তিনি নিজেই তা নাকচ করেছেন। তিনি দেশের চিকিৎসা ব্যবস্থার ওপর পূর্ণ আস্থা প্রকাশ করেছেন। বর্তমানে তার সার্জারির জন্য প্রয়োজনীয় প্রস্তুতি চলছে। জামায়াত নেতার পরিবার দেশবাসীর কাছে তার সুস্থতার জন্য দোয়া চেয়েছে।