আসন্ন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান দলের প্রার্থী বাছাইয়ের লড়াইয়ে নেভাদা ও ভার্জিন আইল্যান্ডে জয় পেয়েছেন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প।এই জয়ের মধ্যদিয়ে আগামী প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান পার্টির মনোনয়ন লাভের দৌড়ে আরও এগিয়ে গেলেন তিনি। এর আগে দুই রাজ্য আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে বড় ব্যবধানে জেতেন ট্রাম্প। আন্তর্জাতিক গণমাধ্যমের প্রতিবেদন মতে, গেলো বৃহস্পতিবার ভার্জিন আইল্যান্ড প্রাইমারিতে সহজ জয় পান ট্রাম্প। সেখানে মোট ২৪৬ ভোটের মধ্যে ১৮২টি ভোট অর্থাৎ ৭৪ শতাংশ ভোট পেয়েছেন তিনি। তার একমাত্র প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি পেয়েছেন ৬৪ ভোট অর্থাৎ ২৬ শতাংশ। এর আগে গেলো মঙ্গলবার নেভাদায় প্রাইমারি ভোট অনুষ্ঠিত হয়। তবে ব্যালটে ট্রাম্পের নাম ছিলো না। এরপরও তার প্রতিদ্বন্দ্বী নিকি হ্যালি সুবিধা করতে পারেননি। নিকি পেয়েছেন মাত্র ৩০ শতাংশ ভোট। আর বিকল্প প্রার্থী হিসেবে ট্রাম্প পেয়েছেন ৬৩ শতাংশ।এদিকে জয়ের পর লাস ভেগাসে এক বক্তব্যে ডোনাল্ড ট্রাম্প বলেন, এ অঙ্গরাজ্যে জিতলে নভেম্বরে সহজেই জিতে যাবেন তিনি। রিপাবলিকান পার্টির প্রার্থী বাছাইয়ের দৌড়ে তিনটি রাজ্য নেভাদা, আইওয়া ও নিউ হ্যাম্পশায়ারে জিতেছেন ডোনাল্ড ট্রাম্প। যার মধ্যদিয়ে আগামী নভেম্বরের নির্বাচনে তিনিই যে রিপাবলিকান দলের প্রার্থী হচ্ছেন তা সহজেই অনুমান করা যাচ্ছে।