নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় পুলিশের বিশেষ অভিযানে দেশীয় রিভলবারসহ মোঃ আওলাদ হোসেন (২৬) নামের এক যুবককে গ্রেফতার করা হয়েছে। শুক্রবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে বিশরপাশা টলারঘাট এলাকায় এই অভিযান পরিচালিত হয়। পুলিশ জানায়, গ্রেফতার হওয়া আওলাদ হোসেন কলমাকান্দা সদর ইউনিয়নের রাজাপুর গ্রামের মোঃ করিম উদ্দিনের ছেলে এবং তিনি নিষিদ্ধ ঘোষিত কলমাকান্দা উপজেলা আওয়ামী যুবলীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল মান্নানের শ্যালক।
অভিযানের সময় আওলাদের ভগ্নিপতি আব্দুল মান্নান দ্রুত পালিয়ে যেতে সক্ষম হন। বিশরপাশা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মোঃ শহিদুল ইসলাম জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে আওলাদকে আটক করা হয়। তার কাছ থেকে একটি দেশীয় রিভলবার এবং অস্ত্র তৈরির সরঞ্জাম উদ্ধার করা হয়েছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, গ্রেফতারকৃত আওলাদ স্বীকার করেছে যে, তার ভগ্নিপতি আব্দুল মান্নানও এই অস্ত্র ব্যবসার সঙ্গে জড়িত। এ ঘটনায় অস্ত্র আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।
এদিকে, এই ঘটনার পর এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় জনগণ পুলিশের এই অভিযানে সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, যদি এ ধরনের অভিযান অব্যাহত থাকে, তবে অপরাধীদের দৌরাত্ম্য কমে যাবে।
কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে দায়িত্বে থাকা পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ লুৎফর জানিয়েছেন, অবৈধ অস্ত্র নির্মাণ, পরিবহন ও বিক্রির সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।