সাড়ে তিন মাস পর কেরাণীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পেলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বৃহস্পতিবার দুপুরে কারাগার থেকে জামিনে মুক্তি পান তারা। প্রধান বিচারপতির বাসভবনে হামলা ও নাশকতার অভিযোগে রাজধানীর রমনা থানায় দায়ের করা মামলায় বুধবার জামিন পান বিএনপির এ দুই নেতা। ঢাকা মহানগর দায়রা জজ আদালতের ভারপ্রাপ্ত বিচারক ফয়সাল আতিক বিন কাদেরের আদালত তাদেরকে জামিন দেন। সব মামলায় জামিন পাওয়ায় এদিন তাদের আইনজীবী সৈয়দ জয়নুল আবেদীন মেজবাহ জানিয়েছিলেন, বিএনপির এ দুই নেতার কারামুক্তিতে আর কোন বাধা নেই। এর আগে, গত ২৮ অক্টোবর রাজধানীতে বিএনপির সমাবেশকে ঘিরে মির্জা ফখরুলের বিরুদ্ধে ১১টি মামলা হয়। এর মধ্যে ১০টিতে আগেই জামিন পান তিনি। বাকি থাকা প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলায়ও বুধবার জামিন পান । অন্যদিকে, আমীর খসরুর বিরুদ্ধে ১০টি মামলা হয়। তিনিও প্রধান বিচারপতির বাসভবনে হামলার মামলা ছাড়া অন্যগুলোতে আগেই জামিন পান। এ দুই নেতাই একই মামলায় আটকে থাকার কারণে এতদিন জেল থেকে বের হতে পারছিলেন না। প্রসঙ্গত, গেলো ২৮ অক্টোবরে সংঘর্ষের পর ২৯ অক্টোবর রাজধানীর গুলশানের বাসা থেকে গ্রেফতার হন মির্জা ফখরুল। আর ২ নভেম্বর রাতে গ্রেফতার হন আমীর খসরু। এরপর থেকেই কারাগারে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। এদিকে, জেল থেকে বেরিয়ে মির্জা ফখরুল বলেন, দেশের জনগণ সবসময় গণতন্ত্রের পক্ষে এবং শান্তিপূর্ণভাবে তারা এ আন্দোলন চালিয়ে যাবেন। অপরদিকে, আমীর খসরু বলেন, দেশের মানুষ গণতন্ত্রের পক্ষে রায় দিয়েছে। ক্ষমতা দখল করেও সরকার পরাজিত হয়েছে।