শেরপুরের নকলায় ৮ নং চর অষ্টধর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনার পরিত্যাক্ত কোয়ার্টার থেকে ২সন্তানের জননী সুমি (২৭) এর মরদেহ উদ্ধার করেছে নকলা থানা পুলিশ। জানা যায়, স্বামী মোজাম্মেল হককে নিত্য প্রয়োজনীয় পন্য আনতে পাঠিয়ে দিয়ে গলায় ফাঁস দিয়ে অসুস্থ শরীরে সন্ধ্যার দিকে আত্মহত্যা করেছে সে।
স্থানীয় সূত্রমতে, তারা স্বামী স্ত্রী স্থানীয় একটি বেকারিতে কাজ করতেন। কোন জায়গা জমি না থাকার কারনে চরঅস্টধর ইউনিয়নের ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের কোয়াটারে থাকতেন। সুমির স্বামী শুক্রবার সন্ধ্যায় বাজার নিয়ে এসে সুমিকে ডাকাডাকি করলে কোন সাড়া শব্দ না পাওয়ায় ঘরে প্রবেশ করে দেখে ঘরের একটি কক্ষে গলায় ফাঁস দিয়ে ঝুঁলে আছে। পরে পুলিশকে সংবাদ দিলে রাত অনুমান ৮টার দিকে ঘটনাস্থল থেকে সুমির মরদেহ উদ্ধার করা হয়
নকলার চন্দ্রকোনা পুলিশ তদন্ত কেন্দ্রের এসআই মো. আব্দুর রহিম বলেন, শুক্রবার রাতে উপজেলার চরঅস্টধর ইউনিয়নের নারায়নখোলা এলাকার চরঅষ্টধর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের পরিত্যাক্ত কোয়াটার থেকে সুমি(২৭) এর মরদেহ উদ্ধার করেছি আমরা। এখনো মৃত্যুর কোন কারন জানা যায়নি।
উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মোহাম্মদ উল্লাহ রাব্বি বলেন, নকলা উপজেলার নারায়নখোলা এলাকার চরঅস্টধর ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ কেন্দ্রের যে কোয়াটারে আত্মহত্যার ঘটনা ঘটেছে সেটা দীর্ঘদিন যাবৎ সরকারি ভাবে পরিত্যাক্ত ঘোষণা করা হয়েছে। পরিত্যাক্ত থাকার কারনে সেখানে আমাদের কোন নিরাপত্তা প্রহরী ব্যবস্থা করা হয়নি। তাই ওই পরিত্যাক্ত কোয়াটারে কখন কে গেলো বা থাকলো সেটা আমাদের দেখার বিষয় না এবং আমরা দেখিনি। এই সম্পর্কে আমার সম্পূর্ণ অজানা ছিলো।