মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রুশ জ্বালানি রপ্তানির ওপর আরোপিত কিছু নিষেধাজ্ঞা ও শুল্কে ছাড় দেওয়ার সিদ্ধান্তের পর বিশ্ববাজারে কমেছে অপরিশোধিত তেলের দাম। মঙ্গলবার (২০ অক্টোবর) বিনিয়োগকারীরা ট্রাম্পের স্বাক্ষরিত নির্বাহী আদেশের প্রভাব মূল্যায়ন করায় তেলের দামে এ নিম্নমুখী প্রবণতা দেখা যায়।
ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্সের তথ্য অনুযায়ী, মঙ্গলবার গ্রিনিচ মান সময় (জিএমটি) রাত ১২টা ১০ মিনিটে আন্তর্জাতিক বাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ৪৯ সেন্ট বা ০.৪৫ শতাংশ কমে দাঁড়ায় ১০৯ দশমিক ০৬ ডলারে।
অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট (ডব্লিউটিআই) অপরিশোধিত তেলের নভেম্বর মাসের সরবরাহমূল্য ০.৩৩ শতাংশ কমে ব্যারেলপ্রতি ১০৩ দশমিক ৩২ ডলারে নেমে আসে। মঙ্গলবারই এ চুক্তির মেয়াদ শেষ হওয়ার কথা।
এ ছাড়া, ডিসেম্বর মাসের সরবরাহের জন্য ডব্লিউটিআই তেলের দাম ৪৬ সেন্ট বা ০.৪৭ শতাংশ কমে ব্যারেলপ্রতি ৯৮ দশমিক ০৮ ডলারে দাঁড়ায়।
তবে সৌদি আরব ও ইয়েমেনে চলমান হামলার কারণে মধ্যপ্রাচ্যে তেল সরবরাহ বিঘ্নিত হওয়ার আশঙ্কা এখনো রয়েছে। এমন উদ্বেগের মধ্যেও বাজারে তেলের দাম কমেছে।
এর আগের লেনদেনের দিন ব্রেন্ট ক্রুডের দাম বেড়ে ব্যারেলপ্রতি ১১০ দশমিক ৭০ ডলারে পৌঁছেছিল, যা গত ২০ মে-এর পর সর্বোচ্চ।