শেরপুরের ঝিনাইগাতীতে একটি মাইক্রোবাসের ধাক্কায় দুই মাদরাসাছাত্র নিহত হয়েছেন। এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটেছে রোববার (১৩ জুলাই) সন্ধ্যা ৬টার দিকে উপজেলার রাংটিয়া-মধুটিলা সড়কের রাংটিয়া মোড় এলাকায়। এ ঘটনায় আরও একজন শিক্ষার্থী গুরুতর আহত হয়েছেন।
নিহতদের মধ্যে সাকিবুল হাসান (১০) এবং জাকারিয়া (১২) রয়েছেন, যারা ঝিনাইগাতী উপজেলার রাংটিয়া গ্রামের বাসিন্দা। আহত ফয়জুল আলিম (১১) স্থানীয় একটি মাদরাসার ছাত্র। স্থানীয় সূত্রে জানা যায়, তিনজন শিক্ষার্থী রাংটিয়া সড়কের পাশে দাঁড়িয়ে ছিলেন, তখন পেছন দিক থেকে আসা একটি দ্রুতগামী মাইক্রোবাস তাদের চাপা দেয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে প্রথমে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে তাদের শেরপুর জেলা সদর হাসপাতালে স্থানান্তর করা হয়। সন্ধ্যা ৭টার দিকে কর্তব্যরত চিকিৎসক সাকিবুল ও জাকারিয়াকে মৃত ঘোষণা করেন। আহত ফয়জুল আলিমকে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর সদর হাসপাতালের জরুরি বিভাগের মেডিক্যাল অফিসার ডা. আরনিকা আফরিন প্রমা জানিয়েছেন, গুরুতর অবস্থায় হাসপাতালে আনার পর ওই দুই ছাত্রের মৃত্যু ঘটে এবং একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে।
এদিকে, দুর্ঘটনার পর স্থানীয় জনতা মাইক্রোবাসটি আটক করে চালকসহ পুলিশের হাতে তুলে দেয়। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আল-আমিন জানিয়েছেন, ঘটনাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।