ফুটবল বিশ্বকাপ জেতার পর থেকেই সুসময় চলছে আর্জেন্টিনার। বিশ্বকাপ বাছাইয়ে অনেকটা এগিয়ে থাকার পাশাপাশি র্যাঙ্কিংয়েও নিজেদের শ্রেষ্ঠত্ব ধরে রেখেছে আলবিসেলেস্তিরা। চলতি বছর এই র্যাঙ্কিংয়ে আর হেরফের হওয়ার সুযোগ না থাকায় সবার ওপরে থেকেই বছর শেষ করতে যাচ্ছে লিওনেল মেসির দল।২০২৩ সালের প্রকাশ করা সর্বশেষ ফিফা র্যাঙ্কিংয়ে শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। দ্বিতীয় স্থানে ফ্রান্স আর তিনে অবস্থান করছে ইংল্যান্ড।শীর্ষ দশে থাকা দলগুলোর ক্ষেত্রে কোনো পরিবর্তন আসেনি। আগের মতোই পাঁচ নম্বরে আছে ব্রাজিল। চতুর্থ অবস্থানে বেলজিয়াম আর ষষ্ঠ অবস্থানে নেদারল্যান্ডস। এছাড়া র্যাঙ্কিংয়ের অষ্টম, নবম এবং দশম অবস্থানে যথাক্রমে স্পেন, ইতালি এবং ক্রোয়েশিয়া। আর র্যাঙ্কিংয়ে ১৮৩ নম্বরে থেকে বছর শেষ করেছে বাংলাদেশ। এর আগে, গত বছরের ডিসেম্বরে কাতারে ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জিতলেও বছর শেষের র্যাঙ্কিংয়ে আর্জেন্টিনার অবস্থান ছিল দুইয়ে। শীর্ষে ছিল ব্রাজিল। তবে ফিফা ২০২৩ সালে প্রথম র্যাঙ্কিং হালনাগাদ করে এপ্রিলে। তখন ব্রাজিলকে টপকে শীর্ষে উঠে আসে আর্জেন্টিনা। সেই থেকে বছরের বাকি ছয় হালনাগাদ র্যাঙ্কিংয়েও ১ নম্বর স্থান ধরে রাখে লিওনেল মেসির দল।এদিকে, ১৯২ নম্বরে থেকে বছর শুরু করলেও ৯ ধাপ উন্নতি হয়েছে বাংলাদেশের। ১৮৩ নম্বরে থেকে বছর শেষ করছে লাল-সবুজের প্রতিনিধিরা। অর্থাৎ এক বছরের মধ্যে ৯ ধাপ এগিয়েছে বাংলাদেশ।