রাজধানীর পীরেরবাগে জামায়াতে ইসলামীর নেতা–কর্মীদের ওপর হামলার ঘটনায় নিন্দা জানিয়ে দলটির আমির শফিকুর রহমান বলেছেন, ‘মব যেন এখানেই শেষ হয়। মনে রাখবেন, দুনিয়ার মানুষ এখন অনেক সচেতন। মব করে জনমত প্রভাবিত করার দিন শেষ।’
বুধবার দুপুরে রাজধানীর কল্যাণপুরের ইবনে সিনা হাসপাতালে গত মঙ্গলবার রাতের হামলার ঘটনায় আহত ব্যক্তিদের শারীরিক অবস্থার খোঁজ নিতে যান জামায়াত আমির। সেখানে তিনি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।
শফিকুর রহমান বলেন, ‘জামায়াতের কোনো নেতা-কর্মী নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য যথাযথ কর্তৃপক্ষ আছে। কিন্তু কোনো ব্যক্তি বা দলের এ বিষয়ে কোনো মব সৃষ্টি করার এখতিয়ার নেই।’
জামায়াত আমির বলেন, ‘তিন শ আসনের প্রার্থীরা যেন জনগণের প্রতি আস্থা রাখেন, জনগণকে পছন্দমতো সিদ্ধান্ত নিতে দেন। তা না করে এখনই বিগত সাড়ে ১৫ বছরের কায়দায় নির্বাচনী ময়দানকে ওলটপালট করে দিতে চাইলে যুবসমাজ কাউকে ক্ষমা করবে না।’
সব দলকে সমান সুযোগ দিতে নির্বাচন কমিশনের প্রতি আহ্বান জানিয়ে শফিকুর রহমান বলেন, ‘যারা সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, তাদের যেন আইনের আওতায় আনা হয়।’