স্পেনের বুরগোস প্রদেশের ছোট্ট গ্রাম আভেয়ানোসা দে মুনিও। এখানে কোনো দোকান নেই, রেস্তোরাঁ নেই। মাত্র কয়েকজন মানুষ এখানে থাকেন। সপ্তাহে একবার একটি বেকারির গাড়ি আসে, তখনই একটু প্রাণচাঞ্চল্য দেখা যায়। কিন্তু এই বছর গ্রামটি হঠাৎ করেই বিশ্বের অন্যতম আলোচিত জায়গা হয়ে উঠতে চলেছে।
২০২৬ সালের ১২ আগস্ট একটি পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। ১৯৯৯ সালের পর এই প্রথম মূল ইউরোপ থেকে পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। বিজ্ঞানী মারিয়া তেরেসা লোপেজ সানচেজের মতে, স্পেনের মূল ভূখণ্ড থেকে ১৯১২ সালের পর এই প্রথম পূর্ণ সূর্যগ্রহণ দেখা যাবে। গ্রহণের পথ খুবই সরু, আর আভেয়ানোসা দে মুনিও সরাসরি সেই পথের মধ্যে পড়েছে। এখানে খোলা মাঠ আর পাহাড় থাকায় দিগন্ত পরিষ্কার দেখা যায়। কৃত্রিম আলোও কম, তাই গ্রহণ দেখার জন্য জায়গাটি আদর্শ।
গ্রহণ হবে সূর্যাস্তের ঠিক আগে। এতে একই দিনে দুইবার সূর্যাস্তের মতো অন্ধকার নামবে। লোপেজ এটাকে বলেছেন, ‘কয়েক মিনিটের মধ্যে দুইবার সূর্যাস্ত দেখার মতো।’
গ্রামের বাসিন্দা সারা আলভারেজ রদ্রিগেজ বলেন, ‘গুহার দিকে উঠে যান, ওখান থেকে সবকিছু দেখা যায়।’ তিনি ১৯৩৭ সালে এই গ্রামেই জন্মেছেন এবং সারাজীবন এখানেই থেকেছেন। তিনি জানান, ১৯৫০-এর দশকে গ্রামে প্রায় ২০০ মানুষ থাকতেন। পরে কৃষিকাজে যন্ত্রের ব্যবহার বাড়ায় এবং কাজের অভাবে মানুষ শহরে চলে যায়।