গেলো বছর ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খানের হাত ধরে টালিউডের ইধিকা পাল হন ঢালিউডের ‘প্রিয়তমা’। প্রথম ছবি দিয়েই পান ব্যাপক জনপ্রিয়তা। সদ্য বিদায়ী বছরের শেষের দিকে তাকে নিয়ে শুরু হয় নতুন গুঞ্জন। শোনা যায়, ঢালিউড সুপারস্টারের পর এবার টালিউড সুপারস্টার দেবের নায়িকা হতে চলেছেন ইধিকা।সেসময় ভারতীয় সংবাদমাধ্যমের এক প্রতিবেদনে বলা হয়েছিল, সবকিছু ঠিক থাকলে পরিচালক সুজিত দত্ত ওরফে রিনোর পরিচালিত ‘খাদান’ শিরোনামের ছবিতে নাকি জুটি বাঁধবেন দেব ও ইধিকা।বিষয়টি নিয়ে তখন কোনো মন্তব্য না করলেও নতুন বছরের শুরুতে অভিনেত্রী নিজেই অবসান টানেন সকল জল্পনার। সামাজিক মাধ্যমে নিজেই জানিয়েছেন, গুঞ্জনটি সত্য। ‘খাদান’ ছবিতে দেবের সঙ্গে স্ক্রিন শেয়ার করতে চলেছেন এই নায়িকা।সম্প্রতি প্রকাশ্যে এসেছে ‘খাদান’-এর ফার্স্ট লুক। নিজের সোশ্যাল হ্যান্ডেল থেকে সেটি শেয়ার দিয়ে ইধিকা জানান, টালিউড ফিল্ম ইন্ডাস্ট্রিতে তার ডেবিউ কাজের প্রথম লুক পোস্টার শেয়ার করছেন । সেখানে সুপারস্টার দেবের বিপরীতে অভিনয় করছেন তিনি। অভিনেত্রী আরও জানান, সবচেয়ে বড় অ্যাকশন ও বিনোদনমূলক ছবি নিয়ে দর্শকদের মাঝে তারা হাজির হবেন । এই বছরই আসছে ‘খাদান’’। ছবির পোস্টারে দেখা গেছে, দেবের পরনে মলিন পোশাক, গলায় গামছা জড়ানো আর হাতে একটা বিশাল কুড়াল। খানিক পেছনে ঘুরে তাকিয়ে আছেন তিনি।কয়লা খনি অঞ্চলের সমাজ ও রাজনীতির প্রেক্ষাপটে তৈরি হতে যাচ্ছে সিনেমা ‘খাদান’। ছবিটির পরিচালনা করবেন সুজিত দত্ত। এই ছবিটি যৌথভাবে পরিচালনা করবে দেবের প্রযোজনা সংস্থা ও সুরিন্দর ফিল্মস ।