শেরপুরের ঝিনাইগাতী উপজেলার গারো পাহাড় সংলগ্ন এলাকায় বন্যহাতির আক্রমণে দুজনের মৃত্যু হয়েছে। মঙ্গলবার (২০ মে) রাত ৯টা থেকে সাড়ে ১০টার মধ্যে এই ঘটনা ঘটে। নিহতদের মধ্যে একজন ভ্যানচালক এবং অপরজন সিএনজি অটোরিকশার চালক।
স্থানীয় সূত্রে জানা যায়, রাত ৯টার দিকে ২০ থেকে ৩০টি বন্যহাতির একটি দল দরবেশতলা এলাকায় প্রবেশ করে। স্থানীয়রা হাতি তাড়াতে লাঠি নিয়ে এগিয়ে গেলে আকাশ নামের ভ্যানচালক হাতির খুব কাছাকাছি চলে যান। এ সময় একটি হাতি তাকে শুঁড় দিয়ে পেঁচিয়ে পায়ে পিষ্ট করে। গুরুতর আহত অবস্থায় স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইগাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. অমিয় জ্যোতি সাইফুল্লাহ জানান, “হাসপাতালে আনার আগেই আকাশের মৃত্যু হয়েছে। হাতির পায়ের আঘাতে তার মুখ ও পেট থেঁতলে গেছে।”
অপরদিকে, রাত সাড়ে দশটার দিকে সিএনজিচালক এফিলিস হাগিদক স্থানীয় তিনজনের সঙ্গে বাড়ি ফিরছিলেন। বাড়ির কাছাকাছি আসার পর গজনী এলাকায় সড়কে দাঁড়িয়ে থাকা বন্য হাতির দলের সম্মুখীন হন। তিনজন দৌড়ে পালাতে সক্ষম হলেও এফিলিস পালাতে পারেননি। এক পর্যায়ে একটি হাতি তাকে শুঁড় দিয়ে আছাড় দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
ময়মনসিংহ বন বিভাগের রাংটিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল করিম জানান, মঙ্গলবার রাত ৯টা ও সাড়ে ১০টার দিকে যথাক্রমে কাংশা ইউনিয়নের বড় গজনী দরবেশ তলা এলাকায় এবং গজনী-বাকাকুড়া সড়কে এই ঘটনাগুলো ঘটে। ঝিনাইগাতী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আল-আমীন জানান, দুজনের মৃত্যুর ঘটনায় দুটি অপমৃত্যু মামলা দায়েরের প্রস্তুতি চলছে।