২ ঘণ্টা ধরে সংঘর্ষ, সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

নিজস্ব প্রতিনিধি
0 মন্তব্য 1 মিনিট পড়ার সময় পড়ুন
২ ঘণ্টা ধরে সংঘর্ষ, সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে
২ ঘণ্টা ধরে সংঘর্ষ, সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে

মাদারীপুরে আতশবাজি ফোটানোকে কেন্দ্র করে দুদল গ্রামবাসীর দফায় দফায় সংঘর্ষে দুই ওসিসহ আহত হয়েছেন অন্তত ২৫ জন। শনিবার (১২ এপ্রিল) রাত ৯টা থেকে রাত ১১টা পর্যন্ত ২ ঘণ্টা ধরে রাজৈর উপজেলার বেপারীপাড়া এলাকায় এ সংঘর্ষের ঘটনা ঘটে।

খবর পেয়ে সেনাবাহিনী ও পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের মধ্যে ৮ জনই পুলিশ সদস্য।

পুলিশ ও স্থানীয়রা জানায়, গত ২ এপ্রিল রাজৈর উপজেলার বদরপাশা গ্রামের আতিয়ার আকনের ছেলে জুনায়েদ তার বন্ধুদের সঙ্গে ঈদের আনন্দে আতশবাজি ফোটায়। এতে বাধা দেয় একই গ্রামের মোয়াজ্জেম খানের ছেলে জোবায়ের খান ও তার বন্ধুরা। এ নিয়ে উভয়ের মধ্যে কথা কাটাকাটি হয়। এরই জেরে পরদিন গত ৩ এপ্রিল সকালে রাজৈরের বেপারীপাড়া মোড়ে জোবায়েরকে একা পেয়ে পিটিয়ে ডান পা ভেঙে দেন জুনায়েদ ও তার লোকজন।

পরে আহত জোবায়েরের বড়ভাই সালমান খান অনিক বাদী হয়ে জুনায়েতকে প্রধান আসামি করে ৬ জনের নামে রাজৈর থানায় একটি মামলা দায়ের করেন। এ নিয়ে আজ শনিবার সন্ধ্যায় অনিক রাজৈর বাজারে গেলে ধাওয়া দেন জুনায়েদ ও তার বন্ধুরা। এ খবর ছড়িয়ে পড়লে রাতে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়ায় দুপক্ষ। এ সময় ককটেল ফাটিয়ে বেশ কয়েকটি দোকানপাট ভাঙচুর করা হয়।

খবর পেয়ে থানা পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পরে তাদের সঙ্গে যোগ দেয় সেনাবাহিনীও। সংঘর্ষে রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাসুদ খান, পরিদর্শক সঞ্জয় কুমার ঘোষসহ অন্তত ২৫ জন আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে ভর্তি করা হয়েছে রাজৈর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে।

মাদারীপুরের রাজৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদ খান জানান, জুনায়েদের পক্ষে নেতৃত্ব দেন রাজৈর উপজেলা তরুণ দলের সভাপতি গোলাম মাওলা আকন। অপরপক্ষ জোবায়েরের নেতৃত্ব দেন তার বড়ভাই সালমান খান অনিক। সংঘর্ষে থানা পুলিশের অন্তত ৮ জন আহত হয়েছেন। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুলিশ টহলও দিচ্ছে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছেন সেনাবাহিনীর সদস্যরা।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

আরও পড়ুন

মন্তব্য করুন