প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪-দলীয় জোটের বৈঠক ডাকা হয়েছে।
আজ সোমবার (৪ ডিসেম্বর) আসন ভাগাভাগিসহ শরিকদের সঙ্গে নির্বাচন বিষয়ে বৈঠক করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
সন্ধ্যা ৬টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
আওয়ামী লীগের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া এ তথ্য নিশ্চিত করেন।
ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া জানান, নির্বাচনের তফসিল ঘোষণার পর থেকেই শরিকেরা আসন সমঝোতার জন্য উন্মুখ হয়ে আছে।
কিন্তু জোটের প্রধান শেখ হাসিনার সঙ্গে বৈঠক হচ্ছিল না। অবশেষে সোমবার সেই অপেক্ষা ঘুচবে।
এরই মধ্যে ২৯৮ আসনেই প্রার্থী দিয়েছে আওয়ামী লীগ। জাতীয় পার্টি ২৮৬টি, জাসদ ৯১টি, বাংলাদেশ ওয়ার্কার্স পার্টি ৩৩টি,
বাংলাদেশ তরিকত ফেডারেশন ৪৭টি, জাতীয় পার্টি (জেপি) ২০টি, বাংলাদেশ সাম্যবাদী দল ৬টি, গণতন্ত্রী পার্টি ১২টি,
বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি ৬টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক দল ১টি, মনোনয়নপত্র জমা দিয়েছে।
এই তালিকা বৈঠকে জোটের সমন্বয়ক উপস্থাপন করবেন। এরপর শেখ হাসিনা তালিকা বিশ্লেষণ করে পরে সিদ্ধান্ত জানাবেন।
তবে আজকের বৈঠকেই আসন সমঝোতা চূড়ান্ত হয়ে যাবে—এমনটা নয়।