শেষ পর্যন্ত শঙ্কাই সত্যি হলো। হাঁটুর চোটে বাইরে থাকা তারকা ফরোয়ার্ড নেইমারকে আসন্ন কোপা আমেরিকায় ‘পাবে না’ পাঁচবারের বিশ্বকাপজয়ী দল ব্রাজিল। সেলেসাও দলের চিকিৎসক রদ্রিগো লাসমার এ বিষয়টি নিশ্চিত করেছেন।চোট আর নেইমার যেন একে অপরের পরিপূরক। সমৃদ্ধ ক্যারিয়ারে নেইমারের সামনে বারবারই কাল হয়ে দাঁড়ায় ইনজুরি। গেলো অক্টোবরে বিশ্বকাপ বাছাইয়ে উরুগুয়ের বিপক্ষে ম্যাচের প্রথমার্ধে বাজেভাবে ফাউলের শিকার হয়ে বাম হাঁটুতে চোট পান নেইমার। পরীক্ষার পর নিশ্চিত হয়, তার এন্টিরিয়র ক্রুসিয়েট লিগামেন্ট ছিঁড়ে গেছে। দুই সপ্তাহ পর তার হাঁটুতে অস্ত্রোপচার করাতে হয় ।কয়েক দিন আগে সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ভিডিও পোস্টে লড়াই করার কথা জানান নেইমার। ভিডিওর ক্যাপশনে লেখেন, কষ্ট ছাড়া ভালো কিছু হয় না, পড়ে না গিয়ে উঠে দাঁড়ানোর মধ্যে বীরত্ব নেই। কষ্ট ছাড়া জয় আসে না।তখন মনে হচ্ছিল, হয়তো এই লড়াইয়ে জিতে কোপা আমেরিকার আগেই ফিট হয়ে ফিরবেন নেইমার। কিন্তু তা আর হলো না । জাতীয় ফুটবল দলের চিকিৎসক রদ্রিগো লাসমার জানান, লিগামেন্টের ইনজুরিতে নয় মাসের মতো সময় লাগে সুস্থ হতে। তাই ২০২৪ সালের আগস্টের মাঝে নেইমার পুরোপুরি সুস্থ হয়ে খেলায় ফিরবেন বলে আশা এই চিকিৎসকের । এখন পর্যন্ত ১২৯ ম্যাচে ৭৯ গোল করে ব্রাজিলের ইতিহাসের সর্বোচ্চ গোলদাতা নেইমার। পিএসজিতে ছয় বছর কাটিয়ে গত অগাস্টে ৯ কোটি ইউরো ট্রান্সফার ফির বিনিময়ে সৌদি আরবের ক্লাব আল হিলালে যোগ দেন তিনি। তবে চোটে পড়ার আগে নতুন ক্লাবের হয়ে তিনি খেলতে পারেন কেবল পাঁচ ম্যাচ, গোল করেন একটি।এদিকে,আগামী বছরের ২০ জুন যুক্তরাষ্ট্রে শুরু হবে কোপা আমেরিকা।