কার্যকর হলো ভারতের পণ্যে জরিমানাসহ যুক্তরাষ্ট্রের ৫০ শতাংশ বাড়তি শুল্ক আদায় প্রক্রিয়া। এতে অর্থনীতিতে অবশ্যম্ভাবী বড় ধাক্কা সামাল দেওয়ার কৌশল নির্ধারণে জরুরি বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।
মঙ্গলবার (২৬ আগস্ট) বিজ্ঞপ্তি প্রকাশ করে ভারতীয় পণ্যে বাড়তি শুল্কারোপ কার্যকরের বিষয়ে জানিয়েছে হোয়াইট হাউস।
জানানো হয়েছে, ওয়াশিংটন ডিসির সময় ২৭ আগস্ট রাত ১২টা আর দিল্লির সময় বুধবার সকাল ৯টা ৩১ মিনিট থেকে আমেরিকায় ঢোকা ভারতের পণ্যে ৫০ শতাংশ শুল্ক নেওয়া হবে।
সাত পৃষ্ঠার বিজ্ঞপ্তিতে এর কারণ স্পষ্ট করে বলা হয়েছে, রাশিয়া থেকে প্রত্যক্ষ বা পরোক্ষভাবে তেল কেনার কারণে এই শাস্তি। যুক্তরাষ্ট্রের সাথে বাণিজ্য চুক্তির অনিশ্চয়তা ও বাড়তি শুল্কের আবহে অর্থ ও বাণিজ্যমন্ত্রী, সরকারি কর্মকর্তা আর অর্থনীতিবিদদের সাথে বৈঠক করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। কথা হয়েছে যুক্তরাষ্ট্রের অতিরিক্ত শুল্কারোপে দেশের অর্থনীতির ওপর কুপ্রভাব সামলানোর কৌশল নিয়ে।
প্রধানমন্ত্রীর দফতর জানিয়েছে, আলোচনা হয়েছে মূলত পরিবর্তিত পরিস্থিতিতে আন্তর্জাতিক প্রতিযোগিতার বাজারে টিকে থাকা আর প্রবৃদ্ধির গতি ধরে রাখার বিকল্প নিয়ে। এই শুল্কের ধাক্কায় হুমকিতে পড়েছে ভারতের তৈরি পোশাক, অলঙ্কার, রত্ন, গয়নাশিল্প, চিংড়ি মাছ, সামুদ্রিক খাবার, কার্পেট, অটোমোবাইল পণ্য রফতানিখাত।
ধারণা করা হচ্ছে, যুক্তরাষ্ট্রে ভারতের ৮ হাজার ৭০০ কোটি ডলারের রফতানির ৫৫ শতাংশ কমবে।