৩ ম্যাচ সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ওয়েস্ট ইন্ডিজকে ৮৩ রানে হারিয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ জিতলো বিশ্বচ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া। আগে ব্যাট করতে নেমে শন অ্যাবটের অনবদ্য ফিফটিতে ৯ উইকেট হারিয়ে ২৫৮ রানের লড়াকু পুঁজি পায় স্বাগতিকরা। জবাবে লক্ষ্য তাড়া করতে নেমে অজি বোলারদের বোলিং তোপে ৩৯ বল বাকি থাকতেই ১৭৫ রানে গুটিয়ে যায় সফরকারীরা।সিডনি ক্রিকেট গ্রাউন্ডে টস হেরে ব্যাটিংয়ে শুরুটা ভালো করতে পারেনি স্বাগতিকরা। ব্যক্তিগত ১০ রানেই ফেরেন অভিষিক্ত ওপেনার জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক। আলজারি জোসেফের শিকার হয়েই আরেক ওপেনার জশ ইংলিস করেন মাত্র ৯ রান। এরপর দলীয় ৯১ রানের মধ্যে ৫ উইকেট হারিয়ে আরও বিপাকে পড়ে স্বাগতিকরা। তবে অ্যারন হার্ডিকে নিয়ে ৫১ রানের জুটিতে কিছুটা প্রতিরোধ গড়ে ম্যাথু শর্ট। কিন্তু সেই জুটিতে ফাটল ধরিয়ে আবারও ক্যারিবিয়ানদের ম্যাচে ফিরিয়ে আনেন গুদাকেশ মোতি। শর্ট ৪১ ও ২৬ রান করা হার্ডি দু’জনকেই নিজের শিকারে পরিণত করেন মোতি। এরপর আট নম্বরে ব্যাট করতে নামা শন অ্যাবটের ৬৩ বলে ১ চার ও ৪ ছক্কায় ৬৯ রানের দারুণ এক ইনিংসে ৮ উইকেট হারিয়ে ২৫৮ সংগ্রহ করে অস্ট্রেলিয়া। ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৩টি উইকেট নেন মোতি। জবাবে লক্ষ্য তাড়ায় নেমে দলীয় ৩৪ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হারায় ওয়েস্ট ইন্ডিজ। তবে চতুর্থ উইকেটে কেসি কার্টিকে নিয়ে ৫৩ রানের জুটি গড়ে দলের হাল ধরেন অধিনায়ক শাই হোপ।তবে হোপকে ফিরিয়ে এ জুটি ভাঙেন হ্যাজলউড। এরপর আরেক সেট ব্যাটার কার্টিকে ফিরিয়ে দেন অ্যাবট। তাতে বড় চাপে পড়ে যায় ক্যারিবিয়ানরা। শেষ পর্যন্ত ৬.৩ ওভার বাকি থাকতেই গুটিয়ে যায় দলটি। দলের পক্ষে সর্বোচ্চ ৪০ রানের ইনিংস খেলেন কার্টি। অস্ট্রেলিয়ার হয়ে ৩টি করে উইকেট পান অ্যাবট ও হ্যাজলউড।