মধ্যপ্রাচ্যের দেশ ইয়েমেন উপকূলে মার্কিন কার্গো জাহাজে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। বাণিজ্যিক জাহাজ চলাচলের তথ্য প্রদানকারী সংস্থা ইউকে মেরিটাইম ট্রেড অপারেশনের বরাত দিয়ে আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের এক প্রতিবেদনে এ তথ্য দেয়া হয়। তবে কে বা কারা এই হামলা চালিয়েছে তা এখনও স্পষ্ট নয়। হুতি বিদ্রোহী গোষ্ঠীর পক্ষ থেকে বলা হয়েছে, ইসরাইলের সঙ্গে সরাসরি সম্পর্কিত নয়, এমন জাহাজগুলো নিরাপদ। সেগুলোর ওপর হামলা চালাবে না তারা। এদিকে, ইউকেএমটিও জাহাজটির মাস্টারের বরাত দিয়ে জানায়, ইয়েমেনের এডেন বন্দরের কাছে ‘তাদের জাহাজ ক্ষেপণাস্ত্র হামলা’র শিকার হয়েছে। অন্যদিকে যুক্তরাজ্যের নিরাপত্তা বিষয়ক প্রতিষ্ঠান অমব্রে জানায়, ইয়েমেনে হুতিদের অবস্থানে হামলার জবাবে মার্কিন স্বার্থে হামলা করা হয়েছে। প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, হামলার পর মার্শাল আইল্যান্ডগামী জাহাজটিতে আগুন ধরে যায়। তবে তেমন ক্ষয়ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি। জাহাজটি গন্তব্যের পথেই রয়েছে। মূলত গাজায় ইসরাইলি আগ্রাসনের জবাবে ও ফিলিস্তিনিদের প্রতি সংহতির অংশ হিসেবে গত নভেম্বর থেকে লোহিত সাগর ও বাবেল মানদেব প্রণালীতে ইসরাইলি জাহাজ লক্ষ্য করে নিয়মিত হামলা চালিয়ে আসছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা।তবে ইসরাইলের স্বার্থ রক্ষায় গত সপ্তাহ থেকে হুতিদের ওপর দফায় দফায় ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র।