অকল্যান্ডের ইডেন পার্কে সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টিতে স্বাগতিক নিউজিল্যান্ডকে ৭২ রানের বিশাল ব্যবধানে হারালো অস্ট্রেলিয়া। আর এ জয়ে এক ম্যাচ হাতে রেখেই সিরিজ নিশ্চিত করল সফরকারীরা।এর আগে, টসে জিতে বোলিংয়ের সিদ্ধান্ত নেয় কিউই অধিনায়ক মিচেল স্যান্টনার। অজি ওপেনার ট্রাভিস হেডের ২২ বলে ৪৫ রানের দুর্দান্ত ইনিংস, পাওয়ারপ্লেতে দারূন সূচনা এনে দেয় অস্ট্রেলিয়াকে। তবে দলীয় ৮৫ রানের মাথায় হেড ৫ টি ছক্কা ও ২ টি চারের সুবাদে ৪৫ রানে বেন সিয়ার্সের বলে আউট হবার পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে অজিরা। এরপর অধিনায়ক মিচেল মার্শের ২৬ ও প্যাট কমিন্সের ২৮ রানের সুবাদে ১৭৪ রানের দলীয় সংগ্রহ পায় অস্ট্রেলিয়া। বল হাতে কিউই পেসার ফারগুসন মাত্র ১২ রান খরচায় তুলে নেন ৪ উইকেট। জবাবে, ১৭৫ রানের লক্ষ্যে খেলতে নেমে শুরুতেই হোঁচট খায় নিউজিল্যান্ড।দলীয় ১৪ রানে দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে স্বাগতিকরা। পাওয়ারপ্লেতেই, টপ অর্ডারের ৩ ব্যাটারকে প্যাভিলিয়নে পাঠায় অজি বোলাররা। তবে একপ্রান্ত আগলে রেখে গ্লেন ফিলিপসের ৩৫ বলে ৪২ রান পরিস্থিতি কিছুটা সামাল দিলেও বাকি ব্যাটারদের ব্যর্থতায় মাত্র ১০২ রানেই গুটিয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস। ক্লার্কসন ও ট্রেন্ট বোল্ট ছাড়া মিডল অর্ডার ও টেল এন্ডারদের কেউই দুই অংকের রানে পৌঁছাতে পারেনি।অজিদের হয়ে এডাম জাম্পা সর্বোচ্চ ৪ টি উইকেট লাভ করেন। তবে ব্যাট হাতে ২৮ রান ও বল হাতে ১৯ রানে ১ উইকেট নিয়ে ম্যাচসেরা নির্বাচিত হন প্যাট কামিন্স। এদিকে, আগামী রোববার সিরিজের তৃতীয় ও শেষ টি-টোয়েন্টি ম্যাচে মাঠে নামবে দু’দল।