ইয়েমেনের হুতি বিদ্রোহীরা এবার লোহিত সাগরে বিভিন্ন সাবমেরিন বা আন্ডারওয়াটার অস্ত্র দিয়ে ইসরায়েল অভিমুখী জাহাজে হামলা চালানোর ঘোষণা দিয়েছে। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের সংবাদ সংস্থা এ তথ্য জানায়। সম্প্রতি এই হুঁশিয়ারী দেন বিদ্রোহী গোষ্ঠীটির শীর্ষ নেতা আবদুল মালেক। বিবৃতিতে তিনি বলেন, লোহিত সাগর, আরব সাগর, বাব এল-মান্দেব এবং এডেন উপসাগরে চলছে অভিযান। এই অভিযানগুলোকে সফল বলেও আখ্যা দেন তিনি। মালেক আরও বলেন, পশ্চিমা দেশগুলো থেকে আসা ইসরায়েল অভিমুখী জাহাজে ড্রোন, ক্ষেপণাস্ত্র এবং রকেট হামলা চালানো হয়েছে। এবার সাবমেরিন জাতীয় অস্ত্রও ব্যবহার করা হবে। তবে এ ধরণের অস্ত্র কি ড্রোন সাবমেরিন নাকি টর্পেডো, সে বিষয়ে কিছু স্পষ্ট করেননি হুতি নেতা। ফিলিস্তিনি জনগণের সঙ্গে সংহতি প্রকাশ করে অনেক আগেই লোহিত সাগর হয়ে ইসরায়েল অভিমুখী জাহাজে আক্রমণ চালানোর ঘোষণা দিয়েছিল হুতিরা। সেই ঘোষণার বাস্তবায়নও দেখিয়েছে তারা। তবে এত দিন গোষ্ঠীটি কেবল বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ও ড্রোন দিয়েই হামলা চালিয়ে আসছিল। এবার তারা বিভিন্ন সাবমেরিন বা পানির মধ্য দিয়ে চলাচল করতে পারে—যেমন টর্পেডো—এমন অস্ত্রশস্ত্র দিয়ে হামলা চালানোর ঘোষণা দিয়েছে। এদিকে, গাজা যুদ্ধকে কেন্দ্র করে আবারও উত্তাল হয়েছে লোহিত সাগর। যুক্তরাষ্ট্র জানিয়েছে, আত্মরক্ষার জন্য তারা ইয়েমেনের হুতিদের স্থাপনায় হামলা চালিয়েছে। দেশটির পক্ষ থেকে জানানো হয়, হুতিরা যেখান থেকে জাহাজ বিধ্বংসী ক্রুজ ও ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করে সেখানে হামলা চালানো হয়েছে। তবে এই হামলার পরপরই ইয়েমেনের উপকূলে এডেন উপসাগরে আরও একটি জাহাজে হামলার ঘটনা ঘটেছে। জাহাজটি যুক্তরাজ্যের বলে জানা গেছে। যুক্তরাজ্যের একটি প্রতিষ্ঠানের পক্ষ থেকে জানানো হয়, জাহাজটি থাইল্যান্ড থেকে লোহিত সাগরের দিকে অগ্রসর হচ্ছিল।