কনমেবল প্রাক-অলিম্পিক টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় তুলে নিলো ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল। নিজেদের প্রথম ম্যাচে বলিভিয়ার বিপক্ষে দুর্দান্ত জয়ের পর আজ কলম্বিয়াকেও উড়িয়ে দিয়েছে সেলেসাওরা। প্যারিস অলিম্পিক-২০২৪ শুরুর আগে দক্ষিণ আমেরিকার প্রাক বাছাইপর্বে ‘এ’ গ্রুপে কলম্বিয়াকে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে ব্রাজিল অনূর্ধ্ব-২৩ দল।শনিবার ভোরে ব্রিগিদো ইরিয়ারতে জাতীয় স্টেডিয়ামে কলম্বিয়াকে ২-০ গোলে হারিয়ে পয়েন্ট টেবিলের শীর্ষে উঠেছে ব্রাজিল।এদিন ম্যাচের শুরু থেকেই দাপট দেখিয়েছে ব্রাজিল। তবে প্রত্যাশিত গোলের দেখা পেতে ম্যাচের ৩০তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে সেলেসাওদের। এন্দ্রিকের গোলে লিড নেয় ব্রাজিল।তবে গোল হজমের পর ম্যাচে ফিরতে মরিয়া হয়ে উঠে কলম্বিয়া। এরপর একাধিক কাউন্টার অ্যাটাক করলেও সেলেসাওদের শক্তিশালী রক্ষণভাগের কাছে পাত্তাই পায়নি তারা। এতে ১-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে সেলেসাওরা।বিরতি থেকে ফিরে কিছুটা রক্ষণাত্মক ফুটবল খেলে ব্রাজিল। দ্বিতীয়ার্ধেও কলম্বিয়ান জালে ঠিকই বল পাঠিয়েছে সেলেসাওরা। এতে ২-০ গোলের সহজ জয় নিয়ে মাঠ ছাড়ে ব্রাজিল। এই জয়ে চূড়ান্ত বাছাইপর্বে খেলা নিশ্চিত করল তারা। উল্লেখ্য, ২০২৪ দক্ষিণ আমেরিকা অলিম্পিক প্রাক বাছাইপর্বে ১০ দল খেলছে। সেখান থেকে আসন্ন প্যারিস অলিম্পিকের মূল আসরে দুটি দল খেলার সুযোগ পাবে।