বলিউডের জনপ্রিয় অভিনেতা ইমরান হাশমি। সম্প্রতি বলিপাড়ায় গুঞ্জন উঠেছে , নির্মাতা ফারহান আখতারের ‘ডন থ্রি’ সিনেমায় খল চরিত্রে দেখা যেতে পারে ইমরান হাশমিকে।কিছু দিন আগেই মুক্তিপ্রাপ্ত সিনেমা ‘টাইগার থ্রি’-তে খল চরিত্রে অভিনয় করে দর্শক-সমালোচকের প্রশংসায় ভেসেছেন ইমরান। সম্প্রতি ফারহান আখতারের অফিসে এই অভিনেতাকে দেখার পর থেকেই, ইমরানকে আবারও খল চরিত্রে দেখার ইচ্ছা প্রকাশ করছেন তার ভক্ত-অনুরাগীরা। তাকে দেখা গেছে হুডি স্টাইলের সোয়েটশার্ট এবং জিন্সে। পাপারাজ্জিদের হাতও নেড়েছেন তিনি। সামাজিক যোগাযোগ মাধ্যমে এই ভিডিও ছড়িয়ে পড়তেই ভক্তরা প্রতিক্রিয়া জানিয়েছেন। এক ভক্ত লিখেছেন, ‘অবশেষে ডন থ্রি-তে ভালো কিছু!’ আরেকজন লিখেছেন, ‘সেরা’।গেলো বছর বলিউডের আকাঙ্ক্ষিত সিক্যুয়েল ‘ডন থ্রি’ এর ঘোষণা দিয়েছেন নির্মাতা ফারহান আখতার। কিন্তু ‘ডন’ হিসেবে যিনি পরিচিত, প্রতিষ্ঠিত, সেই বলিউড বাদশা শাহরুখ খানই এবার থাকছেন না । তবে ডন থ্রিতে নতুন করে ডনের চরিত্রে যোগ দিয়েছেন রণবীর সিং। এরই মধ্যে সিনেমাটির এনাউন্সমেন্ট ভিডিওতে ডন হয়ে দেখাও দিয়েছেন এই নায়ক।তবে বেশির ভাগ দর্শকই ‘ডন’ চরিত্রে মানতে পারছেন না রণবীরকে । ঘোষণার পর থেকেই তাই তীব্র সমালোচনা চলছে সিনেমাটি নিয়ে।২০২৫ সালের জানুয়ারিতে শুরু হতে পারে ছবিটির শুটিং । ওই বছরই ছবিটি মুক্তি দেওয়ার পরিকল্পনা করছেন নির্মাতা ফারহান আখতার।