বলিউডের এক সময়ের জনপ্রিয় অভিনেত্রী প্রীতি জিনতা। নব্বই দশকের শেষ দিকে শাহরুখ খান অভিনীত সিনেমা দিয়ে তার চলচ্চিত্র যাত্রা শুরু হয়। মণি রত্নম পরিচালিত ‘দিল সে সিনেমার মাধ্যমে অভিনয়ে অভিষেক ঘটে প্রীতির।এরপর ‘সোলজার’, ‘সংঘর্ষ’, ‘হর দিল জো প্যার করেগা’, ‘মিশন কাশ্মীর’, ‘চোরি চোরি চুপকে চুপকে’, ‘সালাম নমস্তে’ এবং ‘বীর জারা’-এর মতো সিনেমায় কাজ করেছেন প্রীতি।হৃতিক রোশন, আমির খান, সালমান খান, শাহরুখ খানের মতো মেগা তারকাদের সঙ্গে জুটি বেঁধেছেন প্রীতি।ক্যারিয়ারে অসংখ্য হিট সিনেমা উপহার দিয়েছেন দর্শকদের। এরপর হঠাৎ-ই সিনেমার পর্দা থেকে দূরে সরে যান বলিউডের প্রিয় ‘ডিম্পল গার্ল’। তবে শীঘ্রই সেই বিরতির অবসান ঘটতে চলেছে । শোনা যাচ্ছে, দেড় দশকের বিরতি কাটিয়ে বলিউডের পর্দায় প্রত্যাবর্তন করতে চলেছেন এই অভিনেত্রী।ভারতীয় গণমাধ্যম সূত্রে জানা গেছে, আমির খানের প্রযোজনায় ‘লাহোর 1947’ শিরোনামের সিনেমায় সানি দেওলের বিপরীতে অভিনয় করতে যাচ্ছেন প্রীতি জিনতা। সিনেমাটির লুক টেস্টের জন্যই সম্প্রতি মুম্বাইয়ে একটি স্টুডিওতে গিয়েছিলেন এই অভিনেত্রী। এর আগে ‘হিরো: লাভ স্টোরি অব আ স্পাই’, ‘ফর্জ’ সিনেমাতে সানির সঙ্গে জুটি বেঁধে কাজ করেছেন প্রীতি।গেলো বছর বক্স অফিসে সুপারহিট ‘গাদার টু’ সিনেমার মাধ্যমে বলিউডে নিজের দ্বিতীয় ইনিংস শুরু করেছেন অভিনেতা সানি দেওল। সেই সিনেমায় আমিশা প্যাটেলের সঙ্গে জুটি বেঁধেছিলেন সানি।