দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র আর দলীয় প্রার্থীদের মধ্যে যে বিভেদের দেয়াল তৈরি হয়েছিল, সেটি ভেঙে ঐক্যের দুর্গ গড়ে তুলতে দলীয় নেতাকর্মীদের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা।শনিবার প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভায় তিনি এসব কথা বলেন।নেতাকর্মীদের উদ্দেশে বঙ্গবন্ধুকন্যা বলেন,সংগঠনই হচ্ছে মূল শক্তি। এবারের নির্বাচনে দলীয় আর স্বতন্ত্র নির্বাচন করতে গিয়ে অনেকের মনকষাকষি হয়েছে। যেটা হয়ে গেছে, সেটা এখন ভুলে যেতে হবে এবং সবাইকে এক হয়ে কাজ করতে হবে।নিজেদের মধ্যে কোনো আত্মঘাতী সংঘাত যেন না হয়, সেদিকে সকলকে সজাগ থাকতে হবে।তিনি আরও বলেন, এবার নির্বাচন যদি উন্মুক্ত না হতো, তাহলে এই নির্বাচনকে শুধু প্রশ্নবিদ্ধ করাই না, বাংলাদেশের গণতন্ত্রকেও হরণ করা হতো। বাংলাদেশের আর্থ-সামাজিক উন্নয়নে যেখানে এগিয়ে গিয়েছে, সেই অগ্রগতিটাও নস্যাৎ হয়ে যেত। এদিকে,বিশেষ বর্ধিত সভায় আওয়ামী লীগের জাতীয় কমিটি, কেন্দ্রীয় কার্যনির্বাহী সংসদ, উপদেষ্টা পরিষদের সদস্য,জেলা/মহানগর ও উপজেলা/থানা/পৌর আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদক,জাতীয় সংসদের দলীয় ও স্বতন্ত্র সদস্য,জেলা পরিষদ ও উপজেলা পরিষদের দলীয় চেয়ারম্যানরা, সিটি কর্পোরেশন ও পৌরসভার দলীয় মেয়র এবং সহযোগী সংগঠনসমূহের কেন্দ্রীয় সভাপতি ও সাধারণ সম্পাদকরা উপস্থিত রয়েছেন।