লালমনিরহাটে ঢাকা থেকে ছেড়ে আসা একটি যাত্রীবাহী বাস খাদে পড়ে যাওয়ার ঘটনায় ৫৫ জন যাত্রী আহত হয়েছেন। শনিবার (৭ জুন) সকালে লালমনিরহাট-রংপুর মহাসড়কের মহেন্দ্রনগর বুদার বাঁশের তল নামক স্থানে এই দুর্ঘটনাটি ঘটে। আহতদের মধ্যে ৮ জনকে আশঙ্কাজনক অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকি আহতদের লালমনিরহাট সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, বাসটিতে মোট ৬০ জন যাত্রী ছিলেন, যারা ঢাকা থেকে লালমনিরহাটের উদ্দেশ্যে রওনা দিয়েছিলেন। দুর্ঘটনার সময় বাসটি দ্রুতগতিতে চলছিল এবং চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি মহাসড়কের পাশে একটি খাদে পড়ে যায়।
একজন আহত যাত্রী, সোহানুর ইসলাম, দুর্ঘটনার সময়ের অভিজ্ঞতা বর্ণনা করে বলেন, “চোখে ঘুম নিয়ে বাসের চালক খুব দ্রুত গতিতে চালাচ্ছিল। মুস্তফি বাজার পার হয়ে বুদার বাঁশের তল নামক স্থানে একটি দ্রুতগতিতে টার্নিং নিতে গেলে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে উল্টে যায়। আমার মাথা, হাতে ও পায়ে আঘাত লেগেছে।” তিনি আরও জানান, দুর্ঘটনার ফলে বাসে থাকা অনেক নারী ও শিশু গুরুতর আহত হয়েছেন।
লালমনিরহাট সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. সামিরি হোসেন চৌধুরী জানান, “প্রায় ৫০ জনের উর্ধে বাস দুর্ঘটনায় আহতদের নিয়ে আসা হয়। এদের মধ্যে গুরুতর আহত ৮ জনকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। অনেকে আবার প্রাথমিক চিকিৎসা নিয়ে চলে গেছেন। সদর হাসপাতালে এখন শঙ্কামুক্ত ২৫ জন চিকিৎসাধীন রয়েছেন।”
লালমনিরহাট সদর থানার ওসি (তদন্ত) বাদল কুমার মণ্ডল বলেন, “খবর পেয়ে ঘটনাস্থলে দ্রুত পুলিশ পাঠানো হয় এবং উদ্ধার কাজ চালায়। বাসে নারী ও শিশিসহ অন্তত ৬০ জন যাত্রী ছিলেন। এখন পর্যন্ত কোনো মৃত্যুর খবর পাওয়া যায়নি। চালকের অসাবধানতার কারণেই এ দুর্ঘটনার ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।