
শেরপুরের নকলার ৮ নং চর অষ্ঠধর ইউনিয়নের ভাঙা ও বেহাল রাস্তা নিজ অর্থায়নে সংস্কার করে সাধারণ মানুষের মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছেন স্থানীয় জামায়াত নেতা মেহেদী হাসান সবুজ। তার এই জনহিতকর উদ্যোগে এলাকাবাসীর দীর্ঘদিনের যাতায়াত দুর্ভোগের অবসান ঘটেছে, যা পুরো এলাকায় ব্যাপক প্রশংসার সৃষ্টি করেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে ওই ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ রাস্তা সংস্কারের অভাবে চলাচলের অনুপযোগী হয়ে পড়েছিল। ফলে স্কুল-কলেজের শিক্ষার্থী, রোগী ও সাধারণ পথচারীদের চরম ভোগান্তি পোহাতে হতো। মানুষের এই দুর্ভোগ লাঘবে এগিয়ে আসেন জামায়াত নেতা মেহেদী হাসান সবুজ। তিনি সম্পূর্ণ নিজের অর্থায়নে শ্রমিক ও প্রয়োজনীয় উপকরণ সামগ্রীর ব্যবস্থা করে রাস্তাটির বেহাল দশা দূর করেন।
নিজের পকেটের টাকা খরচ করে সামাজিক ও মানবিক দায়িত্ববোধ থেকে এমন কাজের নজির স্থাপন করায় স্থানীয় সাধারণ মানুষ ও যুবসমাজ তাকে সাধুবাদ জানিয়েছেন। এ ধরনের জনকল্যাণমূলক কাজ ভবিষ্যতে এলাকার উন্নয়নে আরও বিত্তবান ও রাজনৈতিক নেতাদের উদ্বুদ্ধ করবে বলে মনে করছেন স্থানীয়রা।