রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধের শুরু থেকেই ইউক্রেনকে সমর্থনের পাশাপাশি সব ধরনের সহায়তা দিয়ে আসছে যুক্তরাষ্ট্র। তবে সেই যুদ্ধের প্রায় দুই বছর পর এসে মার্কিন প্রশাসনের মুখে এখন ভিন্ন সুর। তারা বলছে, ইউক্রেনকে সহায়তা করার জন্য প্রয়োজনীয় অর্থ এবং সময় কোনোটাই নেই যুক্তরাষ্ট্রের।রাশিয়ার বিরুদ্ধে যুদ্ধে ইউক্রেনকে সহায়তা করার জন্য যুক্তরাষ্ট্রের সময় ও অর্থ দুই-ই ফুরিয়ে আসছে। হোয়াইট হাউসের কর্মকর্তারা এ বিষয়ে সতর্ক করেছেন।এমন পরিস্থিতিতে মার্কিন কংগ্রেস যদি অতিরিক্ত তহবিল সরবরাহের জন্য বিল পাস না করে, তাহলে রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের লড়াই করা কঠিন হয়ে যাবে বলে জানিয়েছে হোয়াইট হাউস। সম্প্রতি ইউক্রেনের জন্য অতিরিক্ত তহবিল সরবরাহের আহ্বান জানিয়ে মার্কিন কংগ্রেসে একটি চিঠি পাঠিয়েছে হোয়াইট হাউস। এতে বলা হয়, যুক্তরাষ্ট্র সরকার এরই মধ্যে ইউক্রেনকে প্রায় ১১১ বিলিয়ন ডলার সমপরিমাণ সামরিক সহায়তা দিয়েছে। মার্কিন প্রশাসনের বাজেট ও ব্যবস্থাপনাবিষয়ক বিভাগের পরিচালক শ্যালান্ডা ইয়ং বলেন, গেলো অক্টোবরে ইউক্রেনকে সহায়তা দেয়ার জন্য কংগ্রেসের কাছে আরও ১০০ বিলিয়ন ডলার অতিরিক্ত তহবিল পাসের অনুরোধ জানিয়েছিল হোয়াইট হাউস। কিন্তু ডেমোক্র্যাট ও রিপাবলিকান পার্টির মধ্যকার মতানৈক্য এবং স্পিকারের পদ নিয়ে অস্থিরতার কারণে বিষয়টি চাপা পড়ে যায়।২০২২ সালের ফেব্রুয়ারিতে রাশিয়া ইউক্রেনে আগ্রাসন চালায়। সেই থেকে কংগ্রেস ইউক্রেনের জন্য ১১০ বিলিয়ন ডলারের বেশি পরিমাণ অর্থ অনুমোদন দিয়েছে। তবে জানুয়ারিতে রিপাবলিকানরা ডেমোক্রেটদের কাছ থেকে হাউসের নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে আর কোনো তহবিল অনুমোদন দেয়নি।