রিপাবলিকান পার্টির বিরোধিতা স্বত্ত্বেও রাশিয়ার বিরুদ্ধে চলমান যুদ্ধে ইউক্রেনের পাশে থাকার আশ্বাস দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। এক প্রতিবেদনে যুক্তরাষ্ট্রের স্থানীয় সংবাদমাধ্যম এ তথ্য জানায়।যৌথ সংবাদ সম্মেলনে জো বাইডেন জানান, লড়াই অব্যাহত রাখতে কিয়েভকে সবধরনের সহায়তা করবে তার দেশ। ইউক্রেনের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা আরও উন্নত করতে একসাথে কাজ করবে বলেও জানান তিনি। জেলেনস্কির সাথে দ্বিপাক্ষিক বৈঠক শেষে এসব কথা জানান বাইডেন।মার্কিন প্রেসিডেন্ট আরও বলেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে ইউক্রেনের জয় দেখতে চায় যুক্তরাস্ট্র । ইউক্রেনের জয়ের অর্থ স্বাধীন ও সার্বভৌম একটি দেশ হবে, যারা বর্তমান ও ভবিষ্যতে যেকোন আগ্রাসনের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে পারবে। ন্যাটোই ইউক্রেনের ভবিষ্যত। দেশটিকে ভবিষ্যতে সামরিক জোট ন্যাটোতে দেখতে চান বলেও জানান মার্কিন প্রেসিডেন্ট। রাশিয়ার জোরালো হামলার মধ্যেই প্রতিরোধ পরিকল্পনা ঢেলে সাজাতে জোর প্রচেষ্টা চালাচ্ছে ইউক্রেন। সামরিক সহায়তা নিশ্চিতের লক্ষ্যে যুক্তরাষ্ট্র সফর করছেন দেশটির প্রেসিডেন্ট ভলদোমির জেলেনস্কি।এদিকে, প্রায় দুই বছর ধরে ইউক্রেনে অভিযান চালাচ্ছে রাশিয়া। শুরু থেকেই কিয়েভকে সামরিক ও আর্থিক সহায়তা করে আসছে ওয়াশিংটন। এ অবস্থায় মার্কিন তহবিলে টান পড়তে থাকলেও তেমন একটা তোয়াক্কা নেই মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের। এ নিয়ে নানা সময় রিপাবলিকানদের চাপের মুখেও পড়তে হয় তাকে। এমন নাজুক অবস্থার মধ্যে আরও একবার ইউক্রেনের পাশে থাকার প্রতিশ্রুতি ব্যক্ত করলেন তিনি।রাশিয়ার সঙ্গে লড়াই চালিয়ে যেতে ইউক্রেনকে আরও ২০ কোটি ডলারের সামরিক সহায়তার ঘোষণা দিলেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন।