এক বছরেরও বেশি সময় পর ভারতের টি-টোয়েন্টি দলে ফিরলেন রোহিত শর্মা ও বিরাট কোহলি। আফগানিস্তানের বিপক্ষে আসন্ন সিরিজের দলে আছেন এই দুই তারকা ব্যাটার।আগামী ১১ জানুয়ারি শুরু হবে ভারত ও আফগানিস্তান মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ। চলতি বছর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই ২০ ওভারের ক্রিকেটে ভারতের শেষ সিরিজ।ফলে আফগানদের বিপক্ষে শক্তিশালী দলই ঘোষণা করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড। যথারীতি অধিনায়কত্ব করবেন রোহিতই।২০২২ সালের নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের পর থেকে রোহিত ও কোহলি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ক্রিকেট খেলেননি।দলে নেই ভারতের শেষ টি-টোয়েন্টি সিরিজে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে অধিনায়কত্ব করা সূর্যকুমার যাদব। ওয়ানডে বিশ্বকাপে ইনজুরিতে পড়া অলরাউন্ডার হার্দিক পান্ডিয়াও নেই স্কোয়াডে। ধারণা করা হচ্ছে, আইপিএলের আগামী আসরের আগেই মাঠে ফিরতে পারেন এই দুজন।বিশ্রাম দেওয়া হয়েছে দুই পেসার জাসপ্রিত বুমরাহ ও মোহাম্মদ সিরাজ এবং উইকেটরক্ষক-ব্যাটার লোকেশ রাহুলকে। তবে দলে ফিরেছেন উইকেটরক্ষক-ব্যাটার সাঞ্জু স্যামসন।এদিকে, জুনে ওয়েস্ট ইন্ডিজ ও জিম্বাবুয়েতে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এটিই ভারতের শেষ সিরিজ। এ সিরিজের দল ঘোষণার আগে ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার দক্ষিণ আফ্রিকায় উড়ে গিয়েছিলেন। ফলে ভারতের বিশ্বকাপ-পরিকল্পনায় তাঁরা যে ভালোভাবে আছেন, সেটি এখন স্পষ্ট।