শোবিজ অঙ্গনের জনপ্রিয় মুখ মোশাররফ করিম। প্রতিটি গল্পেই নিজেকে নতুন করে আবিষ্কার করতে ভালোবাসেন এ অভিনেতা। দিন কয়েক আগেই জানা যায়, ওটিটি প্ল্যাটফর্ম হইচইয়ের একটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন মোশাররফ করিম। এবার জানা গেল, এর মধ্যে নতুন আরেকটি ওয়েব সিরিজের শুটিং শেষ করেছেন এই অভিনয়শিল্পী। ‘খালাস নামের এই সিরিজের গল্প এগিয়েছে পদ্মা নদীতে ইলিশ ধরাকে কেন্দ্র করে তৈরি হওয়া নানা ঘটনা নিয়ে। যেখানে শাহজালাল চরিত্রে নিজেকে আবিষ্কার করবেন মোশাররফ করিম। স্বপ্ন ও উচ্চাকাঙক্ষার এক জটিল ও কৌতূহলী গল্প ‘খালাস’। যেখানে ক্ষমতার জন্য অতৃপ্ত ক্ষুধা এবং রহস্যময় এক লোক শাহজালাল। পেশায় খালাসির কাজ করলেও জীবনযাপনে বেশ সৌখিন তিনি। জলে, স্থলে, ইলিশে, মানুষে তিন নদীর মোহনায় রাম রাজত্ব কায়েম করার লড়াইয়ের গল্প ‘খালাস’।ওয়েব সিরিজটি যৌথভাবে পরিচালনা করছেন কে এম নাইম ও মাহি ইসলাম মিতুল। ‘সিরিজটি একটি মুক্ত জাতির পটভূমিতে বাংলাদেশে আন্ডারওয়ার্ল্ড গড়ে ওঠার বর্ণনা দিবেন বলে জানান পরিচালকদ্বয়। তারা বলেন, বাংলাদেশে এখন পর্যন্ত সবচেয়ে বিগ বাজেটের ওয়েব সিরিজ এটি।খালাস-এ মোশাররফ করিম ছাড়াও বিভিন্ন চরিত্রে আরও অভিনয় করেছেন লুৎফর রহমান জর্জ, আহমেদ রুবেল ও আমায়া নূরসহ আরো অনেকে। এ সিরিজের চিত্রনাট্য ও গল্প লিখেছেন নির্মাতা মাহমুদ দিদার। সিরিজটি প্রযোজনা করেছে রেড কার্পেট। প্রথম সিজনে থাকছে ৯টি পর্ব। এদিকে, সিরিজটি বাংলার পাশাপাশি হিন্দি, তেলুগু ও মালয়ালম ভাষায় ২০২৪ সালে মুক্তি পাবে ।