পরীমনিকে অনুষ্ঠান থেকে বাদ দিলেন আয়োজকরা

মোঃ সুমন হোসেন
0 মন্তব্য 1 মিনিট পড়ার সময় পড়ুন
পরীমনিকে অনুষ্ঠান থেকে বাদ দিলেন আয়োজকরা

সাংবাদিকদের প্রতিবাদ ও ক্ষোভের মুখে চট্টগ্রামের ‘ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’ অনুষ্ঠান থেকে চিত্রনায়িকা পরীমনিকে বাদ দিয়েছেন আয়োজকরা। শনিবার (৭ নভেম্বর) দুপুরে আয়োজক কমিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়।

আয়োজকরা জানান, ঢাকা আদালত চত্বরে সাংবাদিকের সঙ্গে পরীমনির বিতর্কিত ঘটনার ১৭ দিন আগেই অনুষ্ঠানে অংশ নেওয়ার বিষয়ে তার সঙ্গে চুক্তি হয়েছিল। তবে সাংবাদিকের সঙ্গে অসম্মানজনক আচরণের অভিযোগ এবং চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের প্রতিবাদের পরিপ্রেক্ষিতে অতিথি তালিকা থেকে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই সঙ্গে সাংবাদিকদের দাবির প্রতিও সংহতি জানিয়েছেন আয়োজকরা।

এর আগে, শুক্রবার রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে ‘চট্টগ্রাম ফ্যাশন ভ্যানগার্ড অ্যাওয়ার্ড ২০২৬’-এর পোস্টার শেয়ার করে পরীমনি লেখেন, ‘দেখা হচ্ছে প্রিয় চট্টগ্রাম।’

পরে পোস্টারটি শেয়ার করে আয়োজকদের দৃষ্টি আকর্ষণ করেন চট্টগ্রাম প্রেসক্লাবের সাবেক কার্যনির্বাহী সদস্য ও কালের কণ্ঠের প্রতিবেদক ফারুক মুনির। তিনি লেখেন, দৈনিক সমকালের সাংবাদিক রবির কাছে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার পাশাপাশি তার মায়ের কাছে ক্ষমা চেয়ে বিষয়টি সমাধান না করলে আয়োজকদের বিকল্প অতিথি খোঁজা উচিত।

তার এই বক্তব্যের পর চট্টগ্রামে কর্মরত সাংবাদিকদের মধ্যে ক্ষোভ ও প্রতিবাদ ছড়িয়ে পড়ে। একপর্যায়ে সাংবাদিকদের আপত্তির মুখে পরীমনিকে বাদ দিয়ে অনুষ্ঠানের নতুন পোস্টার প্রকাশ করেন আয়োজকরা।

সংবাদটি বন্ধুদের সাথে শেয়ার করুন

আরও পড়ুন

মন্তব্য করুন